চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার এনামুলকে প্রত্যাহার
বন্দর নগরী চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ সহকারী কমিশনার (বিতরণ) এনামুল কবিরকে প্রত্যাহার করেছে।
বৃহস্পতিবার রাতে এনামুল কবিরকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
এ ঘটনায় তিনি তৃতীয় পুলিশ কর্মকর্তা যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। এর আগে সহকারী কমিশনার (বন্দর) আকবর আলী খান ও সার্জেন্ট আনোয়ারের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ--অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের শুরুর দিন সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলায় অন্ততপক্ষে ২০ সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক।
এদিকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তার সকল শাখার শুক্রবার সভা করে ১৬ এপ্রিলে হামলার দিনটিকে সাবাদিকদের জন্যে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন।
