২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ক্রিকেট ম্যাচ বর্জন অব্যাহত থাকবে

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের আওতায় না আনা পর্যন্ত ক্রীড়া সাংবাদিকরা তাদের ক্রিকেট ম্যাচ বর্জন অব্যাহত রাখবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এদিকে চট্টগ্রামে টেস্ট ম্যাচ কাভার করতে যাওয়া ঢাকার সাংবাদিকরা ইতোমধ্যে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

চট্টগ্রামস্থ বিভিন্ন সাংবাদিক সংগঠন মঙ্গলবার এক সভায় চার দফা দাবী উত্থাপন করেছেন। সভায় অবিলম্বে সরকারকে উক্ত চার দফা দাবী মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়। সাংবাদিকদের চার দফা দাবী মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

চট্টগ্রাম ইউনিয়ন অব জার্নালিস্টস, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্টস এবং চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের অংশগ্রহনে অনুষ্ঠিত সভায় ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, হামলাকারী পুলিশ সদস্যদের চাকুরি থেকে অপসারন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবী জানানো হয়।

ঘটনা সম্পর্কে চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃক প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারেরও দাবী জানানো হয় সভায়।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকরা বুধবার সকাল ১১ টা থেকে তিন ঘন্টার কলম বিরতি পালন করবেন। পরে প্রেসক্লাবে অনুষ্ঠেয় সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।