২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে প্রথম ম্যাচে ভারতকে ৬ উইকেটে পরাজিত করলো পাকিস্তান

ইউনুস খানের চমৎকার হাফ-সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে ৬ উইকেটে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 09:32 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পাকিস্তান দলের সহ--অধিনায়ক ইউনুস খান ৭১ রান করে অপরাজিত ছিলেন। তার এই ইনিংসটি ১ টি ছক্কা ও ৪ টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৮ দশমিক ৩ ওভারেই পাকিস্তান প্রথম দিবারাত্রীর ম্যাচে জয় তুলে নেয়।

গত বছর কাশ্মিরে ভূমিকর্ম্পে দুর্গত জনগণের সাহায্যার্থে গঠিত তহবিলে এই ম্যাচ থেকে অর্জিত অর্থ প্রদান করা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তিন রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসলেও ইউনুসের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে পাকিস্তান  ২ উইকেটে ১৪৬ রান তুলে দলের জন্য শক্ত ভিত গড়ে তোলে।

ইউনুস খান ও কামরান আকমল জুটি ম্যাচ শেষ করার আগে পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক ৪০ রান এবং মোহাম্মদ ইউসুফ ১ রান করে আউট হন। উইকেটরক্ষক কামরান আকমল ২৪ রান করে অপরাজিত ছিলেন।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জে. পারভেজ মোশাররফ। সংযুক্ত আরব আমিরাতে শারজার পর এই স্টেডিয়ামটি হল দ্বিতীয় ওয়ান ডে ভেন্যু।

দিবারাত্রির ম্যাচ, তাছাড়া মধ্যপ্রাচ্যের যে আবহাওয়া তাতে রাতে ব্যাটিং করতে নেমে কিছুটা সমস্যা হতে পারে, সম্ভবত সেই চিন্তা করেই ভারত দলপতি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নেন।

কিন্তু নবীন উদ্বোধনী ব্যাটসম্যান উথাপ্পাকে নিয়ে দলের গোড়াপত্তন করতে নেমে প্রথম থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েন দ্রাবিড়।

স্কোর বোর্ডে ২৫ রান জমা হতেই সাজঘরে ফেরেন উথাপ্পা। ২২ রান পর একই পথে হাঁটেন অধিনায়ক নিজে। দলের রান তখন ৪৭।

অধিনায়কের সাথে ভালোই খেলছিলেন ইরফান পাঠান। কিন্তু ২৬ রান করে তিনিও দলীয় ৭২ রানে রানা নাভেদের দুর্দান্ত থ্রোতে রানআউটে কাটা পড়েন। এর আগে অবশ্য ইফতেখার আঞ্জুমের বলে উইকেটরক কামরান আকমলের হাতে ধরা পড়েন যুবরাজ সিং (৭)।

ভারতীয় দলের যা কিছু প্রতিরোধ তা ওই মিডলঅর্ডারে সুরেশ রাইনা এবং ভেনুগোপাল রাওয়ের ব্যাট থেকেই এসেছে। রাইনা ৬৭ বলে তিনটি চারে ৪০ রান করে শহীদ আফ্রিদির বলে ইফতেখার আঞ্জুমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেও ভেনুগোপাল ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেছেন। সেইসাথে পেয়েছেন নিজের এবং দলের জন্য মূল্যবান একটি হাফসেঞ্চুরি। ৯৩ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ভেনু বাউন্ডারি হাঁকিয়েছেন তিনটি।

ভারতের ইনিংসে দলের পাঁচ ব্যাটসম্যানই দুই অংকের রানের ঘরে পা’ই রাখতে পারেননি।  

ফিল্ডারদের দুর্দান্ত ফিল্ডিংয়ের পর অলরাউন্ডার শোয়েব মালিক তিন উইকেট তুলে নিলে বেশিদুর যেতে পারেনি ভারতের ইনিংস। এছাড়া রানা নভেদ, ইফতেখার আঞ্জুম ও শহীদ আফ্রিদি একটি করে উইকেট লাভ করেন।