২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ব্যর্থতা

কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজে দাপুটে খেলা প্রদর্শন করলেও আবুধাবিতে ডিএলএফ কাপের প্রথম ম্যাচে নিজেদের ব্যাটিংটা অন্তত সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পুরো ৫০ ওভার খেলে সবকটি উইকেট খুইয়ে মাত্র ১৯৭ রান জড়ো করতে পেরেছে রাহুল দ্রাবিড়ের দল।

তবে পাকিস্তানের বোলাররা যতটা না ভালো বল করেছেন তার চাইতেও দুর্দান্ত ফিল্ডিং প্রদর্শন করেছেন ফিল্ডাররা। পাক ফিল্ডারদের দুরন্তপনার কাছে চার চারজন ভারতীয় ব্যাটসম্যান বধ হয়েছেন। অর্থাৎ রান আউট হয়েছেন ভারতের চার ব্যাটসম্যান। এই চারজনের মধ্যে আবার অধিনায়ক নিজেও রয়েছেন। অন্যরা হলেন ইরফান পাঠান, হরভজন সিং এবং শ্রীশান্থ।

দিবারাত্রির ম্যাচ, তাছাড়া মধ্যপ্রাচ্যের যে আবহাওয়া তাতে রাতে ব্যাটিং করতে নেমে কিছুটা সমস্যা হতে পারে, সম্ভবত সেই চিন্তা করেই ভারত দলপতি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নেন।

কিন্তু নবীন উদ্বোধনী ব্যাটসম্যান উথাপ্পাকে নিয়ে দলের গোড়াপত্তন করতে নেমে প্রথম থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েন দ্রাবিড়।

স্কোর বোর্ডে ২৫ রান জমা হতেই সাজঘরে ফেরেন উথাপ্পা। ২২ রান পর একই পথে হাঁটেন অধিনায়ক নিজে। দলের রান তখন ৪৭।

অধিনায়কের সাথে ভালোই খেলছিলেন ইরফান পাঠান। কিন্তু ২৬ রান করে তিনিও দলীয় ৭২ রানে রানা নভেদের দুর্দান্ত থ্রোতে রানআউটে কাটা পড়েন। এর আগে অবশ্য ইফতেখার আঞ্জুমের বলে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে ধরা পড়েন যুবরাজ সিং (৭)।

ভারতীয় দলের যা কিছু প্রতিরোধ তা ওই মিডলঅর্ডারে সুরেশ রাইনা এবং ভেনুগোপাল রাওয়ের ব্যাট থেকেই এসেছে। রাইনা ৬৭ বলে তিনটি চারে ৪০ রান করে শহীদ আফ্রিদির বলে ইফতেখার আঞ্জুমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেও ভেনুগোপাল ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেছেন। সেইসাথে পেয়েছেন নিজের এবং দলের জন্য মূল্যবান একটি হাফসেঞ্চুরি। ৬১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ভেনু ৯৩ বলে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনটি।

ভারতের ইনিংসে দলের পাঁচ ব্যাটসম্যানই দুই অংকের রানের ঘরে পা’ই রাখতে পারেননি।  

ফিল্ডারদের দুর্দান্ত ফিল্ডিংয়ের পর অলরাউন্ডার শোয়েব মালিক তিন উইকেট তুলে নিলে বেশিদুর যেতে পারেনি ভারতের ইনিংস। এছাড়া রানা নভেদ, ইফতেখার আঞ্জুম ও শহীদ আফ্রিদি একটি করে উইকেট লাভ করেন।