সাংবাদিকদের ওপর পুলিশি হামলা: দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় অব্যাহত রয়েছে।
এই হামলার ঘটনার মূল দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে সাংবাদিকরা মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এক র্যালির আয়োজন করেন। সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বুধবার বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস’র (বিএফইউজে) ডাকে সাংবাদিকরা বুধবার সকাল দশটা থেকে চার ঘন্টার কলম বিরতি কর্মসূচী পালন করবেন।
এছাড়া ওইদিন একই সময়ে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ র্যালিও অনুষ্ঠিত হবে। বিএফইউজে এবং ডিইউজে নেতৃবৃন্দ সকল সাংবাদিককে এই র্যালিতে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রামে রোববার পুলিশি হামলায় কমপক্ষে ২০ সাংবাদিক আহত হন। এই হামলার প্রতিবাদে ক্রীড়া সাংবাদিকরা প্রথম দিন থেকেই টেস্ট ম্যাচ বর্জন করে আসছেন।
এদিকে দেশের ২৪ টি ক্লাব এক যুক্ত বিবৃতিতে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনার তীব্র নিন্দা এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
ক্লাবগুলো হচ্ছে- আবাহনী লিমিটেড, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ওরিয়েন্ট ক্লাব, গোপীবাগ ফ্রেন্ডস ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, গাজী ট্যাংক, ইস্কাটন ক্লাব, ওয়ারী ক্লাব, মেরিনার ইয়ংস ক্লাব, ধানমন্ডি ক্লাব, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র, সিসিএস, উদায়াচল ক্লাব, ফরাশগঞ্জ ক্লাব, কাঁঠালবাগান, কাকরাইল বয়েজ, উদীতী, ধানমন্ডি প্রগতি, প্রগতি সেবা সংঘ, আমলীগোলা, তেজগাঁও ক্রিকেটার্স, আল রশীদ ক্লাব এবং ইয়ং পেগাসাস বি।
ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) মঙ্গলবার তাদের সংগঠনের ক্যাফেটেরিয়াতে এক ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচী পালন করে। সংগঠনের সভাপতি এম শফিকুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা এবং জানমাল রক্ষার দাবী করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সামিল। তারা আরও বলেন, পুলিশ বাহিনী দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাবেশে ডিআরইউ সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর কবীর, সাবেক সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম রাজু, মোতাহার হোসেন মাসুম প্রমুখ বক্তব্য করেন।
এদিকে চট্টগ্রামে টেস্ট ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকরা ঢাকায় ফিরে আসায় মঙ্গলবারও পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি।
সারাদেশ জুড়ে সাংবাদিকদের প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত রয়েছে।
সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ফরিদপুর ও কুমিল্লার স্থানীয় সাংবাদিকরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
চাঁদপুর ও বান্দরবানেও সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
