স্কুল ফুটবল মাঠে গড়াচ্ছে ২১ এপ্রিল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ২১ এপ্রিল থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ।
বাফুফে ভবনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি এসএ সুলতান এমপি জানিয়েছেন, সারাদেশ থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হবে এবং এখন থেকে প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।
ফেডারেশনের সহ সভাপতি আব্দুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের সচিব এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এসএম জহুরুল ইসলাম, পৃষ্ঠপোষক বাংলালিংকের কর্মকর্তা শাহেদ জুবায়ের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি এসএ সুলতান এমপি তার বক্তব্যে বলেন, তরুণ ফুটবল প্রতিভাদের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যত। স্কুল ফুটবল টুর্নামেন্টটি এএফসি নির্দেশিত ‘ভিশন বাংলাদেশ’রই অর্ন্তগত একটি টুর্নামেন্ট বলে জানান তিনি।
সারাদেশ জুড়ে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ফুটবল ফেডারেশন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভিশন’কে নিয়োগ করেছে। টুর্নামেন্টের জন্য ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা।
টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো দেশের ১৬ টি আঞ্চলিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই পর্বের প্রতিটি ভেন্যুতে অংশগ্রহনকারী দলগুলো দু’টি গ্রুপে ভাগ হয়ে লিগ ভিত্তিতে খেলবে। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নক আউট ভিত্তিক চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল যথাক্রমে দুই এবং এক লাখ টাকা করে লাভ করবে। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা করে লাভ করবে।
প্রাথমিক পর্বের ছয়টি ভেন্যু হচ্ছে- পটুয়াখালী, ঠাকুরগাঁও, সিলেট, মেহেরপুর, কক্সবাজার এবং ময়মনসিংহ।
পরবর্তী গ্রুপ ম্যাচগুলো পর্যায়ক্রমে কুমিল্লা, সিরাজগঞ্জ, নীরফামারী, ফেনী, ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, কুড়িগ্রাম, নড়াইল এবং নাটোরে অনুষ্ঠিত হবে।
