ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ক্রিকেট দলের ম্যানেজার এন্ডি পাইক্রফট দৃঢ়তার সাথে বলেছেন, দল রাজনীতি ও সংঘাত উপেক্ষা করে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল নৈপুণ্য প্রদর্শণ করবে।
পাইক্রফট বলেন, “আমরা রাজনীতি নয় ক্রিকেটের প্রতি মনোনিবেশ করছি এবং এই নতুন দলকে নিয়ে যত দ্রুত সম্ভব উন্নতি করতে চাই।”
জিম্বাবুয়ে ৭ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। প্রথম ম্যাচ ২৯ এপ্রিল এন্টিগুয়াতে শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টি টেস্ট খেলার কথা থাকলেও এই বছর টেস্ট ক্রিকেট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কারণে সফরসূচী থেকে তা বাদ দেওয়া হয়েছে।
জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পাইক্রাফট আশাবাদ ব্যক্ত করে জানান, তার দল আগামী বছর আবার টেস্ট ক্রিকেট অঙ্গণে ফিরবে।
তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সফরে গঠিত দলটি তরুণ। দলের ক্রিকেটারদের গড় বয়স ২০ বছর।”
জিম্বাবুয়ে দল: তেরেন্স ডাফির (অধিনায়ক), চামুনোরা চিভাভা, এলটোন চিগুমবুড়া, চার্লস কোভেনট্রি, কিথ দাবেঙ্গা, রিয়ন হিগিন্স, এন্থোনি আয়ারল্যান্ড, ব্লেসিং মাওয়ার, কিগ্যান মেথ, তাওয়ানদা মুপারিয়া, এডওয়ার্ড রেইন্সফোর্ড, পিট রিনকি, রুসুমজি সিবানদা, গ্রেগরি স্টোইরডম, ব্রেনডান টেইলর, প্রোস্পার উতসেয়া।
