২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে পুলিশি হামলায় ১৩ সাংবাদিক আহত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি (রোববার) কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার কারণে কলঙ্কিত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

পুলিশের এই অনাকাঙ্খিত এবং বর্বর হামলার প্রতিবাদে সাংবাদিকরা চট্টগ্রাম টেস্ট বর্জন করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে  সাংবাদিকরা পুরো সিরিজও বয়কট করার ঘোষণা দিয়েছেন। 

পুলিশের নির্মম হামলায় ১৩ জন সাংবাদিক এবং ফটো সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় দৈনিক পূর্বকোনের ফটো সাংবাদিক অনুরূপ টিটুকে আশংকাজনক অবস্থায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দৈনিক যুগান্তরের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সাইদুর রহমান শামিম মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আহতদের মধ্যে অন্যান্যরা হলেন- ফারজানা গোধুলী (এএফপি), শামসুল হক টেংকু, প্রনব বল (প্রথম আলো), আলহাজ্জ্ব জহুরুল হক (কলকাতা ভিত্তিক আজকালের ঢাকা ব্যুরো), রুহুল আমিন রানা, মাসুদ পারভেজ (যায় যায় দিন), অঘোর মন্ডল (চ্যানেল আই), উজ্জ্বল ধর (নয়াদিগন্ত), আরিফুর রহমান (জনকণ্ঠ), আবু রায়হান (বিডিনিউজ), নাজমুল হক তপন (সমকাল), অভিজিৎ (খবরপত্র), তুহিন (আরটিভি), জাহিদ (ইন্ডিপেনডেন্ট) এবং জাফর ইকবাল (সংগ্রাম)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগে প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক শামসুল হক টেংকুর সাথে পুলিশের বাকবিতন্ডা থেকেই ঘটনার সূত্রপাত।

টেংকু তার পাস দেখিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি রাখতে গেলে সেখানে কর্তব্যরত পুলিশের ট্রাফিক সার্জেন্ট আলী আনোয়ার তাকে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা ছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পুলিশের অন্যান্য সদস্যরাও সার্জেন্টের সাথে যোগ দেয়। এক পর্যায়ে সার্জেন্ট আনোয়ার তার রিভলবার বের করে টেংকুকে গুলি করার হুমকিও দেয়। পুলিশ এ সময় এএফপির ফটো সাংবাদিক ফারজানা গোধুলীকেও লাঞ্ছিত করে।

সাংবাদিকরা তাৎক্ষনিকভাবে মাঠে এসে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

খেলার মাঝ বিরতির সময় সার্জেন্ট আনোয়ার সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাস ভিত্তিতে এবং ম্যাচ রেফারী জেফ ক্রো’র অনুরোধে সাংবাদিকরা প্রেস বক্সে এবং ফটো সাংবাদিকরা নিজ নিজ স্থানে ফিরে যান।

কিন্তু লাঞ্চের সময়ে মাঠের পাশে সাংবাদিকরা পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনাকালে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ সময় কোন কারণ ছাড়াই ডিসি (বন্দর) আকবর আলী খানের নির্দেশে পুলিশ সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। উন্মত্ত পুলিশ সদস্যরা নির্দয়ভাবে সাংবাদিকদের লাঠি এবং রাইফেলের বাট দিয়ে পেটাতে থাকে।

পুলিশের এই নির্মম হামলা থেকে ৬৫ বছর বয়স্ক ফটো সাংবাদিক জহুরুল ইসলামও রক্ষা পান নি। পুলিশ এ সময় ফটো সাংবাদিকদের ক্যামেরাও ভাংচুর করে।

পরে সাংবাদিকরা সংবাদ সম্মেলন করে দোষী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিকরা ঘটনার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষ্ক্রয় ভূমিকারও তীব্র নিন্দা জানান।

এদিকে সাংবাদিকদের ওপর পুলিশের এই বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক -- সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠন।

এক বিবৃতিতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, এই বর্বর ঘটনার মধ্য দিয়ে বিএনপি -- জামাত জোট সরকার সাংবাদিক নির্যাতনকারী হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের কদর্য চেহারা তুলে ধরেছে।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার প্রকাশ্যে বিদেশী অতিথিদের সামনে সাংবাকিদের লাঠিপেটা করে তাদের অপমান করেছে, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তিনি আরও বলেন, বিএনপি -- জামাত জোট সরকারের সাড়ে চার বছরের দুঃশাসনে ১৪ জন সংবাদিক নিহত এবং আড়াই হাজার সাংবাদিক নির্যাতিত হয়েছে।

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল পৃথক পৃথক বিবৃতিতে চট্টগ্রাম টেস্টে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস, ঢাকা রিপোর্টাস ইউনিটি, চট্টগ্রাম ইউনিয়ন জার্নালিস্টস, বাংলাদেশ স্পোর্টস রাইটার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস, রাইটার্স কমিউনিটি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরচিালকরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবি এই ঘটনায় দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, বিষয়টিকে বোর্ড অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাসও দিয়েছেন।