এএফসি কাপ খেলতে রোববার জর্ডান যাচ্ছে মোহামেডান
অপ্রত্যাশিত কোন জয় নয় বরং নিজেদের সামর্থ্যরে কথা বিচেনায় রেখেই সন্তোষজনক একটি ফলাফলের আশায় জাতীয় ফুটবল লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ জর্ডানের আল উইদাতের বিরুদ্ধে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে রোববার ঢাকা ত্যাগ করছে।
জর্ডানের আম্মান স্টেডিয়ামে মঙ্গলবার মোহামেডান - উইদাত ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে খেলার ব্যাপারে মোহামেডানের একটি সুযোগও রয়েছে। কারণ সি গ্রুপ থেকে তৃতীয় দল ওমানের দোফার তাদের প্রত্যাহার করে নেয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।
মোহামেডান এখন জর্ডানের ক্লাবটির বিরুদ্ধে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দু’বার মুখোমুখি হবে। ২০০৪ এবং ২০০৫ সালে টানা দু’বার টানা জর্ডানের লিগ চ্যাম্পিয়ন আল উইদাতের বিরুদ্ধে দু’টি ম্যাচ ড্র করতে পারলেই হোম গ্রাউন্ডের সুবিধে কাজে লাগিয়ে মোহামেডান পরবর্তী রাউন্ডে উঠে যাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার পরবর্তী ম্যাচটি।
মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক শনিবার বিডিনিউজকে জানান, গ্রুপ থেকে একটি দল কমে যাওয়ায় মোহামেডানের পরের রাউন্ডে খেলার একটা সুযোগ তৈরী হয়েছে, কিন্তু আল উইদাতের বিরুদ্ধে আমরা কোন চমক আশা করছি না।
তিনি বলেন, জর্ডানের আল ফয়সাল ক্লাব আগের আসরের চ্যাম্পিয়ন, আল উইদাতও একই দেশের ক্লাব এবং ক্লাবটি মোহামেডানের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে।
জর্ডানে দলের মূল লক্ষ্য থাকবে ম্যাচ ড্র করে ফেরা, আর ফুটবলারা খেলবেও ড্রয়ের জন্যই, এমনটাই জানলেন মানিক।
দলের প্রস্তুতি এবং শেষ মুহূর্তে জাতীয় ফুটবলারদের পেয়ে যাওয়ায় বেশ সন্তুষ্ট দেশের সবচেয়ে সফল এই কোচ। তবে নিজ ক্লাবের ভূমিকায় অসন্তুষ্ট মানিক। অনুশীলনের জন্য পূর্নাঙ্গ একটি মাঠও দেওয়া হয়নি মানিককে। এর একটি প্রভাব ম্যাচে পড়তে পারে বলে জানিয়েছেন মোহামেডান কোচ।
মানিক জানান, দলের ডিফেন্সের শক্তি বাড়াতে ১৩ ফুটবলারের সাথে ডিফেন্ডার রজনী কান্ত বর্মণ এবং বেলাল হোসেনকেও ধার করেছে মোহামেডান।
