২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপ: তাজিকিস্তান - শ্রীলঙ্কা চুড়ান্ত লড়াই রোববার

এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ দৃশ্য মঞ্চস্থ হতে যাচ্ছে রোববার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেবারিট তাজিকিস্তান এবং শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে যবনিকা ঘটবে পক্ষকালব্যাপী টুর্নামেন্টের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ফাইনাল ম্যাচটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ফাইনাল ম্যাচকে ঘিরে রয়েছে অনেক জল্পনা -- কল্পনা। অনেকের মতে ফাইনালে দর্শকরা একটি অসম লড়াই দেখতে পাবে। কারণটা পরিস্কার- টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর দল শ্রীলঙ্কা অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে লড়াই করে ফাইনালে উঠে এসেছে, অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ, টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফিলিস্তিন এবং প্রতিবেশী কিরঘিজস্তানের মত শক্ত তিনটি হার্ডল টপকে তবেই ফাইনালে জায়গা করে নিতে হয়েছে তাজিকদের।

শ্রীলঙ্কান কোচ সামপাথ পেরেরা অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তার মতে টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রত্যেকটি দলই শক্তিশালী এবং শ্রীলঙ্কা যোগ্য দল হিসেবেই ফাইনালে জায়গা করে নিয়েছে।

শনিবার সোনারগাঁও হোটেলে আয়োজিত ফাইনাল পূর্ব প্রেস ব্রিফিংয়ে লঙ্কান কোচ বলেন, চট্টগ্রাম ভেন্যুর দলগুলো ঢাকা ভেন্যুর দলগুলোর তুলনায় দুর্বল ছিল এটা আমি মনে করিনা, তাছাড়া আমরা এখানে ভালো ফুটবল খেলতেই এসেছি।

ফাইনাল ম্যাচ নিয়ে জল্পনা -- কল্পনার মূলে আরেকটি কারণ হচ্ছে দুই দেশের ফুটবলে কৌশলগত পার্থক্য। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ তাজিকিস্তান ইউরোপীয় ঘরানার ফুটবল খেলে অভ্যস্ত হলেও শ্রীলঙ্কা এশিয়ান ধাঁচের ফুটবল খেলতেই বেশি পারদর্শী।

লঙ্কান কোচের মতে ফাইনালে তাজিকরা দৈহিক দিক থেকে শ্রীলঙ্কার ফুটবলারদের তুলনায় কিছুটা এগিয়ে থাকবে। তবে সেটা নির্ভর করবে খেলার কৌশল এবং গতির উপর। দলের তরুণ ফুটবলাররা ফাইনালে নিরাশ করবে না এমন আশাই পোষণ করেন সামপাথ।

দু’দল এর আগে একবারও পরস্পরের মুখোমুখি না হলেও টেলিভিশনে সেমিফাইনাল দেখে দু’দলের কোচই প্রতিপক্ষ সম্পর্কে মোটামুটি ধারনা নিয়েছেন।

কোয়ার্টারফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ৬ -- ১ গোলে এবং সেমিতে কিরঘিজস্তানকে ২ -- ০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে আসা তাজিকিস্তান টুর্নামেন্টের শিরোপা জয়ের ব্যাপারে প্রচন্ড আত্মবিশ্বাসী, আর এজন্য তারা নিজেদের প্রস্তুতও করে ফেলেছে।

তাজিক কোচ শরীফ নাজারভ জানান, প্রতিপক্ষকে ধরাশায়ী করে শিরোপা জয়ের ব্যাপারে তার দলের ফুটবলাররা প্রস্তুত এবং গত দুই দিনে ফুটবলাররা নিজেদের বেশ ভালোভাবেই ঘষামাজা করে নিয়েছে।

নাজারভ বলেন, কোয়ার্টাফাইনাল এবং সেমিফাইনালে দু’টি কঠিন বাধা টপকে আমাদের ফাইনালে আসতে হয়েছে। তবে দলের ভালো খেলার ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। দলে যেহেতু কোন ইনজুরি নেই তাই সেমিফাইনালে কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলা পূর্ণশক্তির দলটিই ফাইনালে মাঠে নামবে বলে জানালেন তাজিক কোচ।

বিপরীতে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া লঙ্কান দলের কোচ সামপাথ ফাইনালে জয়ের ব্যাপারে জোরালো আশার বাণী শোনাতে না পারলেও, ভালো খেলার আশ্বাস দিয়েছেন।

কোয়ার্টাফাইনালে চাইনীজ তাইপেকে ৩ -- ০ গোলে এবং সেমিতে নেপালকে টাইব্রেকারে ৫ -- ৩ গোলে ফাইনালে উঠে আসা শ্রীলঙ্কান দলের কোচ বলেন, ফাইনালে জয়ের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, তবে চট্টগ্রামের তুলনায় দলের ফুটবলাররা আরও আত্মবিশ্বাসী খেলা উপহার দেওয়ার ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি।

তবে এসব কিছুই ফাইনালের আগের কথাবার্তা হিসেবেই থাকবে। আসল শক্তি পরীক্ষা তো হবে মাঠে। আপাতত ফুটবল প্রেমীদের সেই অপেক্ষাতেই থাকতে হচ্ছে।