ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাবিবুল বাশার
এতদিন ধরে কোন ম্যাচ শেষে অধিনায়ক হাবিবুল বাশারের মলিন মুখ আর কিছু গৎবাঁধা কথাই শুনতে হতো।
এমন দৃশ্যের সাথে সবাই মোটামুটি পরিচিত। কিন্তু এবারই দেখা গেল ব্যতিক্রম। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে বাশারের উচ্ছ্বসিত মুখই বলে দিচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে তিন উইকেটে হারের পর ফতুল্লায় ক্রিকেটারদের পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট তিনি।
‘ম্যাচ হারলেও সত্যিকার অর্থেই আমি খুশি’ এমন খুশির কথা দিয়েই শুরু করলেন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বসেরা দলটির বিরুদ্ধে কঠিন লড়াই করেও ম্যাচের পঞ্চম দিনে এসে তিন উইকেটে হেরে যায় স্বাগতিকরা। এই জয়ের ফলে সিরিজে ১ -- ০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
বাশার জানান, প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা যেমন ভালো ব্যাটিং করেছে তেমনি বোলাররও পরে কার্যকর সহায়তা দিয়ে গেছেন।
তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটিং ভালো না হলেও জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দেওয়াটাও অনেক বড় ব্যাপার।
বাংলাদেশ দল এর আগে কখনও জয়ের এত কাছাকাছি পৌঁছাতে পারেনি বলে জানালেন বাশার। আর এই বিষয়টিই দ্বিতীয় টেস্টে দলকে উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।
ম্যাচে বাংলাদেশের প্রাপ্তিও কম নয় বলে জানান বাশার। এ ক্ষেত্রে বিশেষ করে বিশ্বচ্যাম্পিয়নদের পঞ্চমদিন ব্যাটিংয়ে বাধ্য করা এবং প্রথম দুইদিন ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের হাতে রাখার কথা উল্লেখ করেন তিনি।
অধিনায়ক তার প্রশংসার প্রায় পুরোটাই তুলে দিলেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিসকে। মূলত শাহরিয়ারের সেই সেঞ্চুরিতে ভর করেই প্রতিপক্ষকে চমকে দিতে পেরেছিল বাংলাদেশ।
শাহরিয়ারের ইনিংসটকেই সেরা ইনিংস বলে আখ্যায়িত করেন অধিনায়ক।
শুধু নিজের দলের কথা বলেই ক্ষান্ত হননি বাশার। অধিনায়কোচিত ইনিংসের জন্য অসি দলনায়ক রিকি পন্টিংয়ের প্রশংসাও করলেন খোলা মনে। তিনি বলেন, পন্টিংয়ের ব্যাটিংই ম্যাচের টার্নিং পয়েন্ট, সে সত্যিকার অর্থেই ভালো ব্যাট করেছে।
বিপরীতে পন্টিংয়ের কথাতেও ছিল বাংলাদেশের জন্য প্রশংসার ফুলঝুরি। বিশেষ করে শাহরিয়ারকে ধন্যবাদ অনেকটা উজাড় করেই দিলেন পন্টিং। দলের জয়ে পন্টিং খুশি হলেও স্বাগতিকদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের বিষয়টিও স্বীকার করে নিয়েছেন অসি দলপতি।
