২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার কাছেই হার মানলো বাংলাদেশ

সব ধরনের আবেগ, আশংকাকে উড়িয়ে দিয়ে অভিজ্ঞতা আর পেশাদারিত্বের চমৎকার নজির স্থাপন করে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টটি জিতে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশকে তিন উইকেটে হারায় অস্ট্রেলিয়া। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ফতুল্লার ম্যাচটিকে ঘিরে বিশ্বের তাবত ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট পন্ডিতরাও অপেক্ষায় ছিলেন বড় ধরনের একটি আপসেট দেখার জন্য। কিন্তু সবার আশায় ছাই ঢেলে দিয়ে অসি অধিনায়ক রিকি পন্টিং একটি অধিনায়কোচিত ইনিংস খেলে একাই ম্যাচ বের করে নিয়ে যান।

বিশ্বের এক নম্বর দলটির বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৭ রান করে একটু জয়ের আশা জাগিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় বাংলাদেশ ১৪৮ রানে অলআউট হয়ে গেলে স্বাগতিকদের স্বপ্ন পূরণে পড়ে প্রথম বাধা। 

বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম ইনিংসে অবিশ্বাস্যভাবে টেস্ট আঙ্গিনার নীচের দলটির বিরুদ্ধে ২৬৯ রানে অলআউট হয়ে গেলেও পরবর্তীতে চরম পেশাদারিত্বের নিদর্শন রেখে খেলায় ফিরে আসে এবং স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ৩০৭ রানের টার্গেট তিন উইকেট হাতে রেখেই টপকে যায়। এই জয়ের ফলে সিরিজে অস্ট্রেলিয়া ১ -- ০ ব্যবধানে এগিয়ে গেল।

বাংলাদেশে আসার আগে বেশ কয়েকবারই বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের হাত ধরেই আসে জয়। ১৩ টি চারে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে কার্যতই পন্টিং ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেন, সেইসাথে দলকে এনে দেন স্বস্তির জয়।

বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার তার বোলিং ডিপার্টমেন্টের চারটি অস্ত্রই ব্যবহার করেও অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার দেয়ালে বিন্দুমাত্র আঁচড় বসাতে পারেননি। তবে দিনের প্রথম সেশনের শেষ দিকে বাংলাদেশ দ্রুত তিন উইকেট তুলে নিলে আবারও ম্যাচে উত্তেজনা ফিরে আসে। সাত উইকেটে ২৭৭ রান নিয়ে লাঞ্চে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ওই তিন উইকেট ধরে রেখেই জয় ছিনিয়ে নেয় অসিরা।

অষ্টম উইকেট জুটিতে গিলেস্পিকে সাথে নিয়ে অধিনায়ক পন্টিং দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেন।

তবে ম্যাচের ১০১ তম ওভারে ডিপ স্কয়ার লেগে মাশরাফির হাত থেকে ক্যাচ ফসকে যাওয়াটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে বলতে গেলে একাই লড়ে গেছেন স্পিনার মোহাম্মদ রফিক। প্রথম ইনিংসে ৬২ রান খরচায় পাঁচ উইকেট শিকার করা রফিক দ্বিতীয় ইনিংসেও ৯৮ রানে তুলে নিয়েছেন চার উইকেট।

প্রথম ইনিংসে হার না মানা ১৪৪ রানের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা গেছে অসি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের ঝুলিতে।

ফতুল্লায় বাংলাদেশের প্রাপ্তিটাও কম ছিলনা। প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে শুধু বিশ্বচ্যাম্পিয়নদেরই নয় পুরো ক্রিকেটবিশ্বকেও চমকে দেয় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে সম্পূর্নরূপে ব্যর্থ ব্যাটসম্যানরা।

শাহরিয়ার নাফিস অধিনায়ক হাবিবুল বাশারকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশীপও গড়েন। অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন পাঁচ উইকেটে ৩৫৫ তোলাটাও কম গর্বের ব্যাপার নয়।

চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ১৬ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।