টেস্ট ক্রিকেট থেকে আফ্রিদির অবসর ঘোষণা
পাকিস্তানের ড্যাশিং অলরাউন্ডার শহীদ আফ্রিদি টেস্ট ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। এই ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বিস্মিত হয়েছে।
আফ্রিদি জানান, তিনি এখন শুধু ওয়ান ডে ম্যাচের দিকে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন যাতে করে ২০০৭ বিশ্বকাপ ক্রিকেটে নিজেকে প্রস্তুত করা যায়।
তবে আফ্রিদি জানিয়েছেন, বিশ্বকাপের পর তিনি টেস্ট ক্রিকেটে ফেরার কথা পুনর্বিবেচনা করবেন।
আফ্রিদি বলেন, “এটা আসলে বড় ধরনের কোনও সিদ্ধান্ত নয়। আমি বিশ্বকাপ পর্যন্ত শুধুমাত্র একদিনের ম্যাচের প্রতি মনোনিবেশ করতে চাই। তবে পুনরায় টেস্ট ক্রিকেট খেলবো কি না তা বিশ্বকাপের পর বিবেচনা করবো। বিশ্বকাপের আগ পর্যন্ত পাকিস্তান খুব বেশি টেস্ট ম্যাচ খেলবে না।”
পাকিস্তান বিশ্বকাপের আগ পর্যন্ত কমপক্ষে ৯ টি টেস্ট খেলবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তবে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে আফ্রিদি দাড় করিয়েছেন বিভিন্ন কারণ। তার মধ্যে অন্যতম হচ্ছে আধুনিক ক্রিকেটে ক্রিকেটার উপর ক্রমবর্ধমান চাপ।
আফ্রিদি বলেন, “বর্তমানে অতিমাত্রায় ক্রিকেট খেলা হয়। আন্তর্জাতিক ক্রিকেট সময়সূচীতে খুব বেশিমাত্রায় ম্যাচ অন্তভূক্ত করা হয়েছে বিধায় এতে ক্রিকেটারদের বিশ্রামের তেমন কোনও সুযোগ নেই। আমরা ভালই অর্থ উপাজন করছি তবে আমরা অতিমাত্রায় ক্রিকেট খেলছি।”
আফ্রিদি আরও জানান, তিনি তার দুই মেয়ে এবং পরিবারকে আরও বেশি সময় দিতে চান ।
