বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় থেকে ৯৫ রান দুরে অস্ট্রেলিয়া
ফতুল্লা টেস্টের ভাগ্য এখন অনেকটাই সফরকারী অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে পড়েছে আর এর জন্য তাদের পাড়ি দিতে হবে ৯৫ রানের বাধা। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে আপসেট ঘটানোর জন্য বাংলাদেশের সামনে এখন ছয় উইকেটের বাধা।
বুধবার ম্যাচের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২১২ সংগ্রহ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার জয় এখন সময়ের ব্যাপার। তবে যেহেতু ক্রিকেটের আরেক নাম অনিশ্চয়তা, সেক্ষেত্রে সুপ্ত একটা স্বপ্ন বাশারদের মনে থাকতেই পারে।
সকালে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানে অলআউট হলে সফরকারীদের সামনে ৩০৭ রানের জয়ের টার্গেট দাঁড়ায়।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নামের সাথে যেহেতু ‘বিশ্বসেরা’ তকমা আঁটা সেহেতু তারা টেস্ট আঙ্গিনার সবচেয়ে নীচের দলটির বিরুদ্ধে লজ্জা পাবে সেটাতো হতে পারেনা। দ্বিতীয় ইনিংসে তাই তাদের ব্যাটও চলছে জয়ের লক্ষ্যে।
জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে দুরন্ত সূচনা এনে দেন ম্যাথু হেইডেন এবং মাইক হাসি। দু’জনে মিলে উদ্বোধনী জুটিতে ৬৪ রানের পার্টনারশীপ গড়ে দলের টপঅর্ডারের ভার অনেকটাই কমিয়ে দেন। মাইক হাসি ৩৭ রান এনামুলের বলে বোল্ড হলেও দ্বিতীয় উইকেট জুটিতে হেইডেন আর অধিনায়ক রিকি পন্টিং ১০৯ রান করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেন।
৭২ রান করা হেইডেন এনামুলের থ্রোতে রানআউট না হলে এই জুটি কোথায় গিয়ে দাঁড়াতো তা চিন্তাই করা যায় না।
অন্যপ্রান্তে পন্টিং ৭২ রানে অপরাজিত থাকলেও শেষ বকেলে মোহাম্মদ রফিকের ঘূর্ণিবলে টপাটপ দুই উইকেট পড়ে গেলে কিছুটা ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার জন্য এি ম্যাচ জেতাটা যেমন জরুরী তেমনি জরুরী রফিককে ঠেকানো। অসিদের মূল মাথাব্যাথাই এখন রফিক।
পন্টিংয়ের সাথে নয় রান নিয়ে অপরাজিত আছেন আরেক বিপজ্জনক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। বাংলাদেশ দলের এখন মূল লক্ষ্য হতে পারে এই দু’জনকে আউট করা। কারণটা পরিস্কার, যেকোন পরিস্থিতে এই দুই অসি ব্যাটসম্যান ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রাখেন।
ডেমিয়েন মার্টিন (৭) এবং মাইকেল ক্লার্কের উইকেট দু’টি তুলে নিয়ে বাংলাদেশ শিবরে স্বস্তি এনে দিয়েছেন রফিক।
সকালে বাংলাদেশের ব্যাটসম্যানরা যা করেছেন তাকে এক কথায় হতাশাজনক বলাই যায়। বাংলাদেশের ক্রিকেটারদের এই এক সমস্যা, এক ইনিংস ভালো হলো তো পরের ইনিংসে সব গুবলেট। ফতুল্লাতেও এই গন্ডি থেকে বেরিয়ে আসতে পারেনি হাবিবুল বাশারের দল। পন্টিংদের বাগে পেয়েও বড় ধরনের লিডের নীচে চাপা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরি, হাবিবুল বাশার এবং রাজিন সালেহর জোড়া হাফ সেঞ্চুরি, দলীয় ৪২৭ রান এসব ছিল দল হিসেবে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। পরে আবার অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২৬৯ রানে অলআউট করে দিয়ে ১৫৮ রানের লিড দলের আত্মবিশ্বাসকে নিয়ে গিয়েছিল আকাশে। কিন্তু ওই যে ধারাবাহিকতার অভাব, সেটাই আবার জ্বলজ্বলে সত্য হয়ে দেখা দিল দ্বিতীয় ইনিংসে। এই দ্বিতীয় ইনিংস নিয়েই দলের থিংকট্যাঙ্কের যত মাথা ব্যাথা।
আগের দিনই (মঙ্গলবার) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অসি বোলারদের আগুন ঝরানো বোলিংয়ে রীতিমত চোখে সর্ষেফুল দেখেছে বাংলাদেশের টপ অর্ডার। স্কোর কার্ডে ১২৪ রান জমা হতেই পাঁচ উইকেট হারিয়ে তৃতীয় দিনই অনেকটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।
ভরসা হিসেবে রাজিন সালেহ ২৯ এবং খালেদ মাসুদ ছিলেন শুন্য রানে ক্রিজে ছিলেন। দু’জনের ব্যাটই পরীক্ষিত, বিশেষ করে মাসুদের ব্যাট বিপদের সময় ঝলসে ওঠার একটা সুনাম তো ছিলই। কিন্তু সেনই মাসুদই দিনের শুরুতেই গিলেস্পির বলে বোল্ড ফিরে যান প্যাভিলিয়নে।
টেলএন্ডাররা ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবেন এমনটা আশা করাই বোকামি। তাদের রানগুলো বোনাস হিসেবেই ধরে নেওয়া যায়। এদের মধ্যে মোহাম্মদ রফিক থার ঝড়োগতির ব্যাটিংয়ের জন্য দর্শকদের কাছে জনপ্রিয়। রফিক করেছেনও তাই, ১৮ বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ১৪ রান করে পুরো ম্যাচে উইকেটশুন্য অসি লেগ স্পিনার শেন ওয়ার্নকে দিয়েছেন প্রথম উইকেট লাভের স্বাদ। ওয়ার্ন পরে মাশরাফি আর এনামুলের উইকেট দু’টিও তুলে নিয়েছেন। দু’জনেই ফিরেছেন শুন্যরানে।
আগেরদিনের ১২৪ এর সাথে মাত্র ২৪ রান যোগ করতেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। তবে বিশ্বসেরা দলকে জয়ের জন্য ৩০৭ রানের টার্গেট ছুঁড়ে দেওয়াটাও কম নয়। রাজিন ৩৩ রান করে গিলেস্পির শিকারে পরিনত হন।
