বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা দু:খজনক : ও’ কনোর
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ক্রেগ ও’কনোর মঙ্গলবার কিছু প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বোদ্ধার বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির বিষয়ে প্রশ্ন তোলাকে দু:খজনক বলে অভিহিত করেছেন।
নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে ও’ কনোর স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বিষয়টি সত্যিই দু:খজনক। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশ টেস্টে আঙ্গিনায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এবং এক্ষেত্রে দেশটি অস্ট্রেলিয়ার সমর্থনও পেয়েছে।
বাংলাদেশ -- অস্ট্রেলিয়া সিরিজ উপভোগ করতে ও’ কনোর এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান জানান, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন আগে যেমন ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।
চলমান ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে ও’ কনোর জানান, বাংলাদেশের খেলায় আমি খুবই খুশি, বিপরীতে ম্যাচের প্রথম দু’দিন অস্ট্রেলিয়া পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তবে দলকে ফলোঅনের হাত থেকে উদ্ধার করায় অ্যাডাম গিলক্রিস্ট এবং জেসন গিলেস্পির প্রশংসাও করতে ভোলেননি তিনি।
প্রায় ২০ বছর আগে বাংলাদেশ সফর করে যাওয়া ও’ কনোর এবারের সফরে আরও বেশ কয়েকদিন বাংলাদেশে অবস্থান করবেন।
