২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ৬ - ১ গোলে বিধ্বস্ত করে এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিতে তাজিকিস্তান

বাংলাদেশের এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালতো দুরের কথা সেমিফাইনালে খেলার স্বপ্নই ধুলায় মিশিয়ে দিয়েছে তাজিকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের শেষ কোয়ার্টাফাইনালে বাংলাদেশকে ৬ -- ১ গোলে বিধ্বস্ত করে সেমিতে জায়গা করে নিয়েছে তাজিকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

একই ভেন্যুতে ১৩ এপ্রিল সেমিতে প্রতিবেশী কিরঘিজস্তানের মুখোমুখি হবে তাজিকিস্তান।

বিজয়ী দলের ইব্রাগুইম, খুরশেদ মাখমুদভ, ঝমিখন মুহিদিনভ, নমুনদোজন হাকিমভ, ইউসুফ রাবিয়েভ এবং বদলী খেলোয়াড় সুজোয়াত নেমাতভ একটি করে গোল করেন। বাংলাদেশের পক্ষে একটি গোল পরিশোধ করেন আলফাজ আহমেদ। প্রথমার্ধে বিজয়ী দল ৩ - ১ গোলে এগিয়ে ছিল।

খেলার দুই মিনিটেই প্রথম গোল হজম করে বাংলাদেশ পরে আর খেলায় ফিরতে পারেনি। দৈহিক গড়নে বাংলাদেশের ফুটবলারদের চাইতে এগিয়ে থাকা ক্ষিপ্রগতির তাজিকদের আক্রমনের মুখে বাংলাদেশের রক্ষণবুহ্য প্রথম থেকেই ছিল ব্যর্থ। তাছাড়া নিয়মিত অধিনায়ক আরিফ খান জয় ছাড়া খেলতে নামা বাংলাদেশ দলের তরুণ প্লেমেকার আরমান আজিজি, আবুল হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল এবং মনোয়ার হোসেনও এদিন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

তাজিকদের প্রায় বেশিরভাগ আক্রমনই হয়েছে দুই উইং দিয়ে। আর সেগুলো খুব সহজেই নিজেদের লক্ষ্য খুঁজে নিয়েছে। ফলে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় অতিথিরা।

প্রথমার্ধের দুই মিনিটে ওদিল ইরগাশেভের কর্ণার থেকে বল পেয়ে হেডের সাহায্যে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাগুইম।

তবে খেলায় সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। প্রতিপক্ষের বক্সের মধ্যে উজ্জ্বলের বাড়িয়ে দেওয়া ক্রসটি ধরে আলফাজ তাজিক গোলরক্ষক আসলিদিন খাবিবুলায়েভের মাথার ওপর দিয়ে বল জালে ঠেলে দেন।

তাজিকিস্তান দ্রুতই খেলায় ফিরে আসে। ইরগাশেভের কর্নারটি বাংলাদেশের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে মাখমুদভ বাঁ পায়ের ভলিতে গোল করে লিড এনে দেন।

ডান প্রান্ত দিয়ে প্লেমেকার ইরগাশেভের দ্রুতগতির কাছে বারবারই পরাস্ত হয়েছে ক্রুসিয়ানির দল। এই ইরগাশেভই ফাঁকায় দাঁড়িয়ে থাকা মহিদিনভকে বল ঠেলে দিলে বাংলাদেশের গোলরক্ষক আমিনুলকে নড়াচড়ারই সুযোগ দেননি মুহিদিনভ। বল জালে জড়ায় অনেকটা নিশ্চিন্তেই (৩ - ১)।

৫২ মিনিটে হাকিমভ হেডের সাহায্যে করেন চতুর্থ গোল। ৬৪ মিনিটে প্লেসিং শটে গোল করে বাংলাদেশের কফিনে পঞ্চম পেরেকটি ঠুকে দেন ইউসুফ। আর শেষ পেরেকটি ঠুকেছেন নেমাতভ। বাংলাদেশের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে সম্পূর্ন একক প্রচেষ্টায় বল জালে জড়ান নেমাতভ।

খেলা শেষে বাংলাদেশের খেলাকে অগোছালো বলে উল্লেখ করেছেন তাজিকিস্তানের কোচ শরীফ নাজারভ। অন্যদিকে ফুটবলারদের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ কোচ ক্রুসিয়ানি দলের এই পারফরম্যান্সের জন্য ফুটবলারদের মনোসংযোগ এবং টিম স্পিরিটের অভাবকেই দায়ি করেছেন।