২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ‘মারাত্মক বিপদে’ অস্ট্রেলিয়া

ফতুল্লার নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি (সোমবার) বড় ধরনের বিপদ কাঁধে নিয়ে পার করেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪২৭ রানের জবাবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দিনশেষে ছয় উইকেট খরচায় তুলেছে ১৪৫ রান। বাংলাদেশের দুই স্পিনার এনামুল হক জুনিয়র এবং মোহাম্মদ রফিক দু’টি করে উইকেট তুলে নিয়ে সফরকারীদের শক্তিশালী ব্যাটিং লাইনের ভিত নড়িয়ে দেন।

পেসার মাশরাফি বিন মুর্তজা এবং শাহাদত হোসেন রাজীব একটি করে উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীরা ৫০ রানে তিন উইকেট হারিয়ে চা বিরতিতে যায়। দলের তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ম্যাথু হেইডেন, অধিনায়ক রিকি পন্টিং এবং ডেমিয়েন মার্টিন ফিরে যান প্যাভিলিয়নে।

পরবর্তীতে মাইক হাসি, মাইকেল ক্লার্ক এবং শেন ওয়ার্ন অল্প সময়ের ব্যবধানে ফিরে গেলে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ে বিশ্বসেরা দলটি।

দিনশেষে ৫১ রানে অপরাজিত থাকা অ্যাডাম গিলক্রিস্ট এবং ১৩ রান নিয়ে তার সঙ্গী ফাস্ট বোলার ব্রেট লি’র উপরই নির্ভর করছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ভাগ্য।

সকালে বাংলাদেশ মাত্র ২৯ রানের মধ্যে শেষ চার উইকেট হারালে ৪২৭ রানেই থেমে যায় স্বাগতিকদের প্রথম ইনিংসের রানের চাকা। অসি স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল ক্যারিয়ার সেরা বোলিং করে ১০৮ রান খরচায় তুুলে নেন আট উইকেট। বিশ্বসেরা দলের বিশ্বসেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন ২০ ওভার বল করে ১১২ রান খরচ করলেও কোন উইকেটের দেখা পাননি।

প্রথম দিন ওপেনার শাহরিয়ার নাফিসের সেঞ্চুরি এবং অধিনায়ক হাবিবুল বাশারের অর্ধশতকের পর দ্বিতীয় দিন আরেকটি হাফ সেঞ্চুরি এসেছে রাজিন সালেহর ব্যাট থেকে। ম্যাকগিলের বলে শর্ট লেগে অ্যান্ড্রু সাইমন্ডসের হাতে ধরা পড়ার আগে রাজিন ছয়টি চারের মাধ্যমে করেন ৬৭ রান।