২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্যতার প্রমাণ দিলেন শাহরিয়ার

অবশেষে নিজের ব্যাটিং যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হলেন বাংলাদেশ দলের প্রতিভাবান উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন রোববার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটবিশ্বকে নিজের আগমনী বার্তাটা ভালোভাবেই জানিয়ে দিলেন তরুণ এই ওপেনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শাহরিয়ার নিজের যোগ্যতার প্রমাণ এমন একটি দলের বিরুদ্ধে দিলেন যে দলের সামনে ব্যাট হাতে দাঁড়াতে বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকেও কয়েকবার চিন্তাভাবনা করে নিতে হয়। বিপরীতে শাহরিয়ারের ওইরকম মাটি কামড়ানো ইনিংসে বেশ বিচলিতই মনে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। শাহরিয়ার যেভাবে বিশ্বসেরা অসি বোলারদের বলগুলোকে একের পর এক বাউন্ডারি ছাড়া করেছেন তাতে সফরকারী দলের থিংকট্যাংকের কপালের ভাঁজ দীর্ঘায়িত হতেই পারে।

শাহরিয়ার কিন্তু তার ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটির জন্য সকল কৃতজ্ঞতা তুলে দিলেন সর্বশক্তিমান আল্লাহর কাছে। আর ভবিষ্যতে এই সেঞ্চুরিটিই যে তার চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে সেটাও বলতে ভুললেন না এই তরুণ।

প্রথম টেস্ট শতকের পাশাপাশি এদিন শাহরিয়ার দেশের হয়ে আরেকটি রেকর্ডও করে ফেলেছেন। অধিনায়ক হাবিবুল বাশারকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে করেন ১৮৭ রানের পার্টনারশীপ। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে জাভেদ ওমর এবং বাশার ১৬১ রানের আগের পার্টনারশীপটি গড়েছিলেন। সেই টেস্টটি অবশ্য বাংলাদেশ নয় উইকেটে হেরে যায়।

চা বিরতির আগে হাবিবুল বাশার যখন স্টুয়ার্ট ম্যাকগিলের বলে আউট হয়ে যান তখন স্কোরকার্ডে বাংলাদেশের নামের পাশে লেখা হয়েছে ২৩৮ রান, দুই উইকেট। একটু অবাক করার মত ব্যাপরই, প্রতিপক্ষ যেখানে অস্ট্রেলিয়া। ফতুল্লায় প্রথম দিনের দু’টি সেশনেই ছিল স্বাগতিকদের পুরো আধিপত্য। বিশ্বসেরা লেগ স্পিনার শেন ওয়ার্নকে পরপর দু’টি বাউন্ডারি হাঁকিয়ে নাফিস পৌঁছে যান তিন অংকের ম্যাজিক ফিগারে। সাথে সাথে অসিদের হতাশার পর্বটা আরেকটু বেড়ে যায়।

এতদিন নাফিসের টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ঘরে শুধুমাত্র একটি হাফ সেঞ্চুরিই শোভা বর্ধন করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন নাফিস। টেস্টে এর আগে সব সময় নিচের দিকে ব্যাট করলেও টপ অর্ডারে তার যোগ্যতা নিয়ে অনেকটাই নিশ্চিত ছিলেন টিম ম্যানেজমেন্ট। সেঞ্চুরির মধ্য দিয়ে ম্যানেজমেন্টের সেই নিশ্চয়তাকেই যেন পাকাপোক্ত রূপ দিয়ে দিলেন তিনি। 

সকালে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে জাভেদ এবং শাহরিয়ার ৫১ রান করে ভালো কিছু করার আভাস দিয়েছিলেন। কিন্তু ম্যাচের ১১ তম ওভারে জাভেদ এলবিডবি¬উয়ের ফাঁদে পড়ে বিদায় নিলে বাংলাদেশের স্বপ্ন একটা ছোটখাটো হোঁচট খায়।

এরপরের ঘটনাতো সবারই জানা। বাশারের অভিজ্ঞতা এবং নাফিসের তারুণ্য অনেকদুর টেনে নিয়ে যায় বাংলাদেশের ইনিংসটাকে। ধীরে ধীরে বাড়ে দলের সংগ্রহ। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অস্ট্রেলিয়ার হতাশা।