ভারতীয় ক্রিকেট দলের উপার্জন ১ বিলিয়ন ডলার
ভারতীয় ক্রিকেট দল নতুন পাঁচ বছরের চুক্তির আওতায় ওয়ান ডে ম্যাচের স্পন্সরশিপ এবং সম্প্রচার স্বত্ব থেকে ১ বিলিয়ন ডলার আয় করবে।
যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়শিয়ার ভেন্যুগুলোতে আগামী পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠেয় ২৫ টি ওয়ান ডে ম্যাচের সম্প্রচারের বিষয়ে বিসিসিআই’এর সাথে ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান জি টেলিফিল্মসের ২১৯ মিলিয়ন ডলারের চুক্তির সমঝোতায় পৌছেছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র সহসভাপতি ললিত মোদি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করে বলেন, “এক বছরের মধ্যে ১৫ টি টেস্ট ও ৩০ টি ওয়ান ডে ম্যাচের বেশি না খেলার বিষয়ে আমরা ক্রিকেটারদের কাছে প্রতিশ্র“তিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আমরা শুধু পূর্ব নির্ধারিত সময়সূচী নিয়ে কাজ করছি যাতে করে সর্বোচ্চ সংখ্যাক প্রতিষ্ঠানকে স্পন্সরশিপ চুক্তিতে আকৃষ্ট করা যায়।”
২ টি বিশ্বকাপ ও ৩ টি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টসহ ২০০০--২০০৭ সাল পর্যন্ত গ্লোবাল ক্রিকেট কর্পোরেশনের সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের বিষয়ে ৫৫০ মিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে তা থেকে ভারতীয় চুক্তি প্রায় দ্বিগুণ।
তাছাড়া ভারতীয় প্রতিষ্ঠান সাহারার সাথে ৭ মিলিয়ন ডলার ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান নাইকের সাথে ৪৩ মিলিয়ন ডলারের পৃথক দু’টি চুক্তিতে সম্মত হয়েছে বিসিসিআই।
