২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ওয়ানডেতেও ইংল্যান্ডকে হারিয়ে ভারতের সিরিজ জয়

তিন ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডকে চতুর্থ ওয়ানডেতে চার উইকেটে হারিয়ে সাত ম্যাচের সিরিজ ৪ -০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ইংল্যান্ডের ২৩৭ রানের জবাবে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের হাফ সেঞ্চুরি এবং ইরফান পাঠান ও যুবরাজ সিংয়ের দু’টি কার্যকর ইনিংসে ছয় উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ভারতের জন্য সিরিজ জয় আর ইংল্যান্ডের জন্য সিরিজে ফেরার ম্যাচ হিসেবে ম্যাচটি বিবেচিত হলেও লক্ষ্য সফল হয়েছে স্বাগতিকদের। তবে ইংল্যান্ডের সামনে সিরিজে পরাজয়ের ব্যবধানটা কমানোর সুযোগ এখনও থাকছে।

সকালে টসে জিতে নেহেরু স্টেডিয়ামের কাঠখোট্টা পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ। কিন্তু ২৭ রানের মধ্যে দুই ওপেনার অ্যান্ড্রু স্ট্রস এবং ম্যাট প্রাইয়র ফিরে গেলে ইনিংস মেরামতের চাপটা এসে পড়ে মিডল অর্ডারের ওপর।  কেভিন পিটারসেনের ৭৭ এবং লেট মিডল অর্ডারে গ্যারিয়েন্ট জোন্সের ৪৯ রানের সুবাদে সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছে সফরকারীরা।

ইংলিশ মিডল অর্ডারে সব ব্যাটসম্যানই কমবেশি রান পেলেও দলের চারজন ব্যাটসম্যান দুই অংকের রানের ঘরে পৌঁছাতে ব্যর্থ হলে ২৩৭ রানের সম্মানজনক স্কোরেই থেমে যায় অতিথিদের রানের চাকা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতকে ইনিংসের শেষ দিকে দ্রুত দুই উইকেট হারানো ছাড়া খুব একটা বেশি ঝামেলা পোহাতে হয়নি। উদ্বোধনী জুটিতে বীরেন্দ্র শেওয়াগ এবং অধিনায়ক রাহুল দ্রাবিড় ৫৪ রান তুলে দলের ঝামেলা অনেকটাই লাঘব করে দিয়ে যান।

পরবর্তীতে ইরফান পাঠানের ৪৬ এবং যুবরাজ সিংয়ের ৪৮ রানে জয়ের কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা।

দলীয় ২২৪ রানে সুরেশ রায়না এবং যুবরাজ সিং আউট হয়ে গেলে কিছুটা শংকা দেখা দিলেও মহেন্দ্র ধোনি এবং রমেশ পাওয়ার নিরাপদেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বল হাতে দুই উইকেট এবং পরে ৪৮ রান, এই অলরাউন্ড পারফরম্যান্সই যুবরাজকে এনে দেয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।