২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল

বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে রিকি পন্টিংয়ের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে ১১ সদস্যের অস্ট্রেলিয়া দলকে স্বাগত জানান। ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দলের বাকি তিন ক্রিকেটার- জেসন গিলেস্পি, ফিল জ্যাকস এবং মিশেল জনসন সন্ধ্যায় এসে পৌঁছাবেন।

মিশেল জনসনের অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হলেও এখন টেস্ট অভিষেকের  অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ইনজুরিতে আক্রান্ত জাস্টিন ল্যাঙ্গার, মাইকেল কাসপ্রোভিচ এবং শন টেইটের স্থলাভিষিক্ত হয়েছেন এই তিন ক্রিকেটার। সিরিজে অস্ট্রেলিয়া ৩ -- ০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে।

অন্যদিকে সিরিজের জন্য বৃহস্পতিবার ১৮ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগে শ্রীলঙ্কা এবং কেনিয়ার বিরুদ্ধে খেলা প্রায় পুরো দলটিকেই ধরে রাখা হয়েছে।

নারায়নগঞ্জ ওসমানি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে রোববার থেকে। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ১৬ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। ফতুল্লায় ২৬ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দু’টি ওয়ানডে ম্যাচ।