রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া আসছে বৃহস্পতিবার
দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে রিকি পন্টিংয়ের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল বৃহস্পতিবার সকালে ঢাকা এসে পৌঁছাবে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে তাদের নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ৩ -- ০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা অস্ট্রেলিয়া দলকে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান বৃহস্পতিবার সকাল আটটা চল্লিশ মিনিটে ঢাকার মাটি স্পর্শ করবে।
এবারই প্রথম পূর্নাঙ্গ সফরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এর আগে ১৯৯৮ সালে আইসিসি মিনি বিশ্বকাপে খেলতে প্রথম বাংলাদেশ সফর করে অসি দল।
নারায়ণগঞ্জের ওসমানি স্টেডিয়ামে ৯ এপ্রিল থেকে শুরু হবে দু’ দেশের মধ্যকার প্রথম টেস্ট। ১৬ থেকে ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। একই ভেন্যুতে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে ২৬ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দু’ টি একদিনের ম্যাচ।
এদিকে প্রথমে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ইনজুরি আক্রান্ত দলের তিন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার, শন টেইট এবং মাইকেল কাসপ্রোভিচকে ছাড়াই আসতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। ১৪ সদস্যের অস্ট্রেলিয়া টেস্ট দলে পুনরায় ডাক পেয়েছেন ফাস্ট বোলার জেসন গিলেস্পি। এছাড়া পেসার মিশেল জনসন এবং ওপেনিং ব্যাটসম্যান ফিল জ্যাকসকেও দলে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বাংলাদেশে অবস্থানকালে অস্ট্রেলিয়াকে দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম। এ ব্যাপারে আইসিসির শর্ত সম্পূর্নরূপে পালন করারও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি সাধারণ সম্পাদক।
বাংলাদেশ এর আগে ২০০১ সালে অস্ট্রেলিয়াতে দু’টি টেস্ট খেলে দু’টিতেই পরাজিত হয়। অন্যদিকে দু’দলের মধ্যে অনুষ্ঠিত নয়টি ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় একটি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হবে।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মাইক হাসি, ফিল জ্যাকস, ব্রেট লি, স্টুয়ার্ট ম্যাকগিল, ডেমিয়েন মার্টিন, অ্যান্ড্রু সাইমন্ডস, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পি এবং মিশেল জনসন।
