বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর গ্রামীণফোন, বৃহস্পতিবার আসছে অস্ট্রেলিয়া
দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানী গ্রামীণফোন আসন্ন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে। রেকর্ড পরিমান এক কোটি ১৫ লাখ টাকার বিনিময়ে সিরিজের স্পন্সরশীপ লাভ করেছে গ্রামীণফোন। বুধবার স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস, মার্কেটিং বিভাগের প্রধান রুবাবা দৌলা মতিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ সভাপতি আজিজ আল কায়সার টিটো, সাধারণ সম্পাদক মাহবুব আনাম এবং যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে দক্ষিণ আফ্রিকাকে তাদের নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ৩ -- ০ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সযোগে ঢাকা এসে পৌঁছাবে।
প্রথম দিকে পুরো শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ইনজুরি আক্রান্ত দলের তিন মূল ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার, মাইকেল কাসপ্রোভিচ এবং শন টেইটকে ছাড়াই আসতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। এই তিনজনের জায়গায় ১৪ সদস্যের অসি দলের সাথে আসছেন মাইকেল জনসন, জেসন গিলেস্পি এবং ফিল জ্যাকস।
বুধবারের সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের কর্মকর্তারা সিরিজের টাইটেল স্পন্সরশীপ লাভ করায় সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এরিক অস জানান, বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি ভারত, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে অনেকদুর এগিয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজেও বাংলাদেশ ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন এরিক।
গ্রামীণফোনের মার্কেটিং বিভাগের প্রধান রুবাবা দৌলা মতিন বলেন, গ্রামীণফোন জাতীয় দল, বিভিন্ন সিরিজ এবং ট্যালেন্ট হান্ট কর্মসূচীর মাধ্যমে দেশের ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। গ্রামীণফোন সবসময়ই বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের সাথে থাকতে চায় বলে তিনি জানান।
বিসিবির সহ সভাপতি এবং কমার্শিাল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো জানান, সিরিজের টাইটেল স্পন্সর, প্রাইজ মানি, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজের পুরস্কার, রোপ কভার এবং প্ল্যাকার্ড চার্জ বাবদ এক কোটি ১৫ লাখ টাকা ব্যয় করবে গ্রামীণফোন।
বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ এবং রেকর্ড পরিমান অর্থ আয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তার পাঁচ বছরের এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) শেষ করতে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে মাহবুব আনাম জানিয়েছেন, সিরিজ চলাকালীন সময়ে অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
