চ্যালেঞ্জ কাপে শেষ গ্র“প ম্যাচে ফিলিস্তিন- বাংলাদেশ মুখোমুখি
স্বাগতিক বাংলাদেশ এবং ফেবারিট ফিলিস্তিন গ্র“প পর্যায়ে দু’টি করে ম্যাচ জিতে ইতোমধ্যে এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টারফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছে। তবে গ্র“পের শীর্ষস্থান দখলের লড়াইটা এখনও বাকি রয়ে গেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার এই শীর্ষস্থান দখলের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হচ্ছে দু’দল।
দু’দলের মধ্যকার গ্র“পের শেষ ম্যাচটি তাদের কোয়ার্টারফাইনালে খেলার উপর কোন প্রভাব না ফেললেও গ্র“পে দল দু’টির অবস্থান নির্ণয়ে এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করতে হচ্ছে।
দু’দলের ভান্ডারে ছয় পয়েন্ট করে জমা হলেও গোল ব্যবধানে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে ফিলিস্তিন।
কোয়ার্টারফাইনালের লড়াইটা যেহেতু সেরাদের নিয়েই হওয়ার কথা, তাই কঠিন সেই লড়াইয়ে পুরো শক্তির দলের জন্য দু’দলই তাদের মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখতে চাইছে। ফলে বুধবারের ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে দু’দলেরই।
বাংলাদেশের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, দ্বিতীয় রাউন্ডের জন্য সেরা স্কোয়াডটাই ধরে রাখা হবে।
দলের মূল তিন ফুটবলার- রজনী, আলফাজ এবং সিরাজিকে দলের বাইরে রাখার ব্যাপারে কোচ ইঙ্গিত দিলেও পরিবর্তিত ফুটবলারদের সম্পর্কে কিছুই জানাননি ক্রুসিয়ানি। তবে বিশ্বস্ত সূত্রের মতে, ফিলিস্তিনের বিরুদ্ধে উপরোক্ত তিন মূল খেলোয়াড়ের পরিবর্তে কাঞ্চন, ফয়সাল এবং ওয়ালীকে দেখা যেতে পারে।
প্রতিপক্ষ ফিলিস্তিন সম্পর্কে বাংলাদেশের কোচ ক্রুসিয়ানির খুব বেশি জানাশোনা না থাকলেও ফিলিস্তিনের কোচ কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালোই খোঁজখবর রাখেন। আর সেটা তার কথাতেই বোঝা গেছে।
ফিলিস্তিন কোচ সাবাহ বাংলাদেশকে ‘ভালো এবং গোছানো’ দল বললেও স্বাগতিকরা যে গতির দিকে থেকে তার দলের তুলনায় অনেক পিছিয়ে সেটাও বলতে ভোলেননি।
কোয়ার্টারফাইনালে তিনি তাজিকিস্তান নয়, পাকিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পেতে বেশি আগ্রহী।
বাংলাদেশের আবুল, এমিলি এবং গোলরক্ষক আমিনুলকে ফিলিস্তিনের কোচের কাছে ভালো মনে হয়েছে এবং বুধবারের ম্যাচে এই তিনজনকেই কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন কোচ সাবাহ।
বাংলাদেশ গ্র“প পর্যায়ের খেলায় কম্বোডিয়াকে ২ -- ১ গোলে এবং গুয়ামকে ৩ -- ০ গোলে হারিয়ে কোয়ার্টারফাইনালে খেলা নিশ্চিত করে। অন্যদিকে ফিলিস্তিন গুয়ামকে ১১ -- ০ গোলে এবং কম্বোডিয়াকে ৪ -- ০ গোলে হারিয়ে সেরা আটে জায়গা করে নেয়।
বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যকার ম্যাচটি। একই ভেন্যুতে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে গুয়াম এবং কম্বোডিয়া।
