বিসিবির রুকি চুক্তির আওতায় কাপালী, মুশফিকুর, রাজ্জাক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ওপেনার শাহরিয়ার নাফিস, পেসার শাহাদত হোসেন রাজীব এবং সৈয়দ রাসেলের সাথে তাদের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেছে। বিসিবির রুকি চুক্তির আওতায় নতুনভাবে আর্ন্তভুক্ত হয়েছেন অলক কাপালী, আব্দুর রাজ্জাক এবং মুশফিকুর রহিম।
রাজধানীর এক হোটেলে সোমবার ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির ছয় ঘন্টাব্যাপী ম্যারাথন সভা শেষে বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম সাংবাদিকদের এ কথা জানান। বোর্ডের সহ সভাপতি আজিজ আল কায়সার টিটো, যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন এবং সিইও মাহমুদুর রহমানও এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন।
মাহবুব আনাম জানান, বিসিবির রুকি চুক্তির অর্ন্তভুক্ত শাহরিয়ার নাফিস, শাহাদত হোসেন রাজীব এবং সৈয়দ রাসেলের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এই তিন ক্রিকেটারের আগের ছয় মাসের চুক্তি ৩১ মার্চ শেষ হয়েছে। একই সাথে রুকি চুক্তির অর্ন্তভুক্ত করা হয়েছে অলক কাপালী, মুশফিকুর রহিম এবং আব্দুর রাজ্জাককে। ক্রিকেটারদের সাথে চুক্তিটি ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানান আনাম।
বিসিবি সাধারণ সম্পাদক আরও জানান, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জাতীয় দলের জন্য পেশাদার ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।
জাতীয় দলের বিদায়ী অস্ট্রেলিয়ান ট্রেইনার স্টুয়াট কার্পিনেন সম্পর্কে আনাম জানান, কার্পিনেন আগামী মে মাসে অস্ট্রেলিয়া ফিরে যাবেন এবং নতুন ট্রেইনারের জন্য ইতোমধ্যে চারজনের সাক্ষাতকারও নেওয়া হয়েছে।
কার্পিনেনের চুক্তির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে। তবে দেশে ফিরে যাওয়ার আগে তিনি নতুন ট্রেইনারের সাথে অন্তত দুই সপ্তাহ কাজ করবেন।
মাহবুব জানান, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করে দেশে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলা হচ্ছে।
তাছাড়া ঘরোয় পর্যায়ে বোর্ড টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটও চালু করার চিন্তা ভাবনা করছে। আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী আগামী মৌসুম থেকে এই টুর্নামেন্ট চালু হতে পারে বলে জানান মাহবুব আনাম।
নির্বাহী কমিটির সভায় পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ২০১১ বিশ্বকাপ ক্রিকেট বিডে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশে ২০১২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের বিডে অংশ নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়।
সারা দেশে মহিলা ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্রথমবারের মত বিসিবি মহিলা ক্রিকেট কমিটিও গঠন করতে যাচ্ছে।
সভায় বাংলাদেশ এ দল, ক্রিকেট একাডেমি দল এবং ডেভলপমেন্ট পর্যায়ের দলগুলোর পাকিস্তান, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সফরের পরিবর্তিত সূচীও অনুমোদন করা হয়।
মিরপুর স্টেডিয়ামের কাজ আগামী মে মাসের মাঝামাঝিতে সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেন মাহবুব আনাম। আর সেটা সম্ভব হলে আসছে নভেম্বরে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের ম্যাচগুলো এখানেই আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন মাহবুব আনাম।
