চ্যালেঞ্জ কাপের কোয়ার্টারফাইনালে ফিলিস্তিন, ভারতকে রুখে দিয়েছে ফিলিপাইন
এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে ওঠে গেছে ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের সি গ্র“পের খেলায় ফিলিস্তিন ৪ -- ০ গোলে কম্বোডিয়াকে হারিয়ে কোয়ার্টাফাইনাল নিশ্চিত করে।
এই জয়ের ফলে দুই খেলায় ছয় পয়েন্ট নিয়ে ফিলিস্তিন গ্র“পের শীর্ষে অবস্থান করলেও কম্বোডিয়া এখনও কোন পয়েন্টের মুখ দেখেনি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২ -- ১ গোলে হার মানে কম্বোডিয়া।
অন্যদিকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এ গ্র“পের খেলায় শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে ফিলিপাইন। সোমবার দু’দলের মধ্যেকার খেলাটি ১ -- ১ গোলে ড্র হয়। দুই ম্যাচে ভারতের সংগ্রহ চার পয়েন্ট। আর প্রথম ম্যাচে চাইনীজ তাইপের বিরুদ্ধে ১ -- ০ গোলে হার মানা ফিলিপাইনের সংগ্রহ এক পয়েন্ট।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কম্বোডিয়ার বিরুদ্ধে ফিলিস্তিন প্রথমার্ধেই ৩ -- ০ গোলে এগিয়ে যায়। প্রথম ম্যাচে গুয়ামকে ১১ -- ০ গোলে বিধ্বস্ত করেছিল ফিলিস্তিন।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন চলে যায় ফিলিস্তিনের হাতে এবং দুই মিনিটের মাথায়ই ফাহাদ আত্তালের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু দশ মিনিটের সময় ব্যর্থ হননি আহমেদ কেশকেশ। চমৎকার হেডের সাহায্যে দলকে প্রথম গোল উপহার দেন কেশকেশ।
দুই মিনিট পরই প্রতপিক্ষের চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন ইব্রাহিম আল সোয়েরকি। সোয়েরকি মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে জালে জড়িয়ে দেন।
ফিলিস্তিনের তৃতীয় গোলটি আসে ফাহাদ আত্তালের হেড থেকে। ডান দিক থেকে ইসমাইল আল আমরের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন আত্তাল।
ফিলিস্তিন যখন গোল উৎসবে মেতে উঠেছে তখন শুধুমাত্র কৌশলগত দুর্বলতার কারণেই প্রতিপক্ষের সীমানায় হানা দিতে পারেনি কম্বোডিয়া। কম্বোডিয়ার পক্ষে একটিমাত্র গোলের সুযোগ নষ্ট করেন বাংলাদেশের বিরুদ্ধে গোলদাতা সোকুমফেক কাউচ।
খেলার ৭৪ মিনটে জিয়াদ আলকোর্দের পাস থেকে বল পেয়ে ফিলিস্তিনের হয়ে চতুর্থ এবং শেষ গোলটি করেন সোয়েরকি।
চট্টগ্রাম স্টেডিয়ামে ভারতের আগের ম্যাচের জয়ের নায়ক বিমল সাত মিনিটে ডান দিক থেকে প্রদীপের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ফিলিপাইনের পক্ষে হেডের সাহায্যে গোল করে সমতা ফেরান মার্ক আলভিন।
