বাংলাদেশের লক্ষ্য চ্যালেঞ্জ কাপের কোয়ার্টাফাইনাল
প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেলেও আপাতত এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টারফাইনালে খেলার স্বপ্নের মধ্যেই নিজেদের আশার পারদকে সীমাবদ্ধ রাখতে চাইছে বাংলাদেশ। কোয়ার্টাফাইনালে খেলার স্বপ্ন নিয়েই সোমবার সি গ্রপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বল গুয়ামের মুখোমুখি হচ্ছে ক্রুসিয়ানির দল।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
শনিবার প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে ২ -- ১ গোলে জিতে বাংলাদেশ হোম গ্রাউন্ডে তিন বছরের জয় বন্ধ্যাত্ব ঘুচাতে সক্ষম হলেও ম্যাচে নতুনদের নিয়ে গড়া স্বাগতিকদের নড়বড়ে প্রতিরক্ষা বুহ্যে বেশ কয়েকবারই কম্বোডিয়ার ফরোয়ার্ডরা হানা দিতে সক্ষম হয়েছে।
সোমবারের ম্যাচে দুর্বল গুয়ামের বিরুদ্ধে নিজেদের এই নড়বড়ে পারফরম্যান্স ঠিক করে নেওয়ার একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে গুয়ামকে ১১ গোলে বিধ্বস্ত করা ফিলিস্তিনের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের ঝালাই করে নেওয়ারও এটি একটি সুযোগ হতে পারে ক্রুসিয়ানির দলের।
বিডিনিউজের সাথে আলাপচারিতায় বাংলাদেশের অধিনায়ক আরিফ খান জয়ের কথাতেও ফুটে উঠেছে কোয়ার্টারফাইনালে খেলার প্রত্যয়। ‘গুয়ামের বিরুদ্ধে প্রত্যাশিত জয় নিয়েই কোয়ার্টারফাইনালে খেলতে চাই’ পরের ম্যাচে জয়ের ব্যাপারে প্রত্যাশার পাশাপাশি অধিনায়ক আরও জানান, ফিলিস্তিনের বিরুদ্ধে মাঠে নামার আগে গুয়ামের বিরুদ্ধে খেলে দলের কম্বিনেশনও ঠিক করে নিতে চায় বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট।
কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচে শেষ ২০ মিনিট দলের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে অধিনায়ক জানান, কম্বোডিয়ার বিরুদ্ধেই দলের ছয় ফুটবলার প্রথম আর্ন্তজাতিক ম্যাচ খেলেছে, তাছাড়া অল্প সময়ের প্রস্তুতিতে পুরোনোদের সাথে নতুনদের বোঝাপড়াও গড়ে ওঠেনি। নিজের পারফরম্যান্স সম্পর্কেও হতাশ অধিনায়ক।
কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি গুয়ামের বিরুদ্ধে জয়ের ব্যাপারে লিখিত নিশ্চয়তা দিতে চাইলেও জয়ের ব্যবধান ১০ -- ০ কিংবা ১১ -- ০ হবে কিনা সে ব্যাপারে কোন নিশ্চয়তা দিতে পারেননি।
আর্জেন্টিনার ৪১ বছর বয়স্ক এই কোচ কম্বোডিয়ার বিরুদ্ধে তার দলের প্রথম ম্যাচের পোষ্টমর্টেম করেছেন অনেকটা হতাশা নিয়েই। তিনি বলেন, প্রথম ম্যাচে ফুটবলাররা কেন এতবেশি নার্ভাস ছিল আর কেনইবা তারা নিজেদের অবস্থান ভুলে গিয়ে এতবেশি ভুল করেছে আমি তার কিছুই জানিনা। হতে পারে সেটা দলের নতুন ছয় ফুটবলারের প্রথম আর্ন্তজাতিক ম্যাচ বলে। কোচে নিজেও তাই মনে করছেন।
ক্রুসিয়ানি অবশ্য দায়ের বেশিরভাটাই চাপাচ্ছেন মিডফিল্ডারদের ওপর। ‘সবাই দেখেছে গত ম্যাচে মিডফিল্ডারা কি করেছে, যেখানে মিডফিল্ডাররা মাঝমাঠে নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারেনি সেখানে দুই ডিফেন্ডার নজরুল আর পারভেজ বাবুর কিইবা করার থাকতে পারে? চোখেমুখে হতাশা ফুটিয়ে কোচ কথাগুলো বলে গেলেন।
আর্জেন্টিনার কোচ জানালেন, বাংলাদেশের ফুটবলারদের আর্জেন্টাইন কৌশল রপ্ত করতে কিছুটা সময় লাগবে। বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার ধারা প্রচলন করতেই আমি এসেছি, আমি আমার কাজে ব্যর্থ হলেই দায়িত্ব ছেড়ে দেবো।
দলের সহকারী কোচ হাসানুজ্জামান বাবলু মনে করেন, গুয়ামের বিরুদ্ধে বাংলাদেশের ফুটবলাররা নিজেদের গুছিয়ে নেওয়ার এবং নড়বড়ে পারফরম্যান্স ঠিক করে নেওয়ার সুযোগ পাবে। এএফসি নির্ধারিত নতুন এডিডাস বলে ফুটবলাররা খুব একটা সুবিধে করতে পারেনি বলে জানান বাবলু। টুর্নামেন্টের আগে খেলোয়াড়রা মাত্র একবার নতুন বলে অনুশীলন করেছেন।
সোমবার বাংলাদেশ -গুয়াম ম্যাচ ছাড়াও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ভারত খেলবে ফিলিপাইনের বিরুদ্ধে। এছাড়া সন্ধ্যা ছয়টায় একই মাঠে আফগানিস্তান খেলবে চাইনীজ তাইপের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ফিলিস্তিনের মুখোমুখি হবে কম্বোডিয়া।
