ভারত সফরের মাঝপথে অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন ইংলিশ কোচ ফ্লেচার
ইংল্যান্ডের কোচ ডানকান ফ্লেচার অসুস্থ স্ত্রী মারিনার সাথে দেখা করার জন্য ভারত সফরের মাঝপথে দক্ষিণ আফ্রিকা ফিরে গেলেন।
তবে সোমবার গোয়াতে ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগেই পুনরায় ভারতে চলে আসার কথা রয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইবিসি)’র মিডিয়া ম্যানেজার জেমস এভরি বলেন, “ডানকান কেপটাউনে স্ত্রীর সাথে দেখা করবেন এবং তৃতীয় ওয়ান ডে’র আগেই দলের সাথে যোগ দেবেন।”
ডানকান ফ্লেচারের অনুপস্থিতিতে রোববার ইংলিশ দলকে অনুশীলন করাবেন সহকারী কোচ ম্যাথু মেনার্ড।
ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ও ফাস্ট বোলার সিমন জোন্স ইনজুরির কারণে টেস্ট সিরিজ খেলেননি এবং ওয়ান ডে সিরিজেও তাদের পাশে পাচ্ছে না ইংল্যান্ড দল। ফাস্ট বোলার স্টিভ হার্মিসনও ইনজুরির কারণে ওয়ান ডে সিরিেিজ খেলছেন না।
মার্কাস ট্রেসকোথিও ব্যক্তিগত কারণে টেস্ট সিরিজের পূর্বে দেশে ফিরে গেছেন। আর এবার ভারত সফর বাকি রেখেই দক্ষিণ আফ্রিকা গেলেন কোচ ডানকান ফ্লেচার।
ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলেও ভারত ওয়ান ডে সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
