ফুটবলের উন্নয়নে নিজেদেরই উদ্যোগ নিতে হবে: ব্লাটার
কোন দেশের ফুটবলের উন্নয়নে সে দেশের ফুটবল সংস্থার গৃহিত পদক্ষেপই কার্যকর ভুমিকা রাখতে পারে। শনিবার দু’দিনের সফরে বাংলাদেশে এসে এ কথা বলেছেন বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফার সভাপতি জোসেপ এস ব্লাটার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ব্লাটার জানান, ফিফা বিভিন্ন দেশের ফুটবল সংস্থাকে আর্থিকভাবে সহায়তা করে, কিন্তু ফুটবলের উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেওয়া এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেশগুলোর ফুটবল সংস্থার।
এএফসি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন করতে দু’দিনের সফরে ফিফা সভাপতি জোসেপ ব্লাটার শনিবার সকালে তার বিশেষ বিমানযোগে ঢাকা এসে পৌঁছান।
ফিফার সভাপতি ছাড়াও এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামও শনিবার ঢাকা এসেছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে ব্লাটারকে স্বাগত জানান। বাফুফে সভাপতি এস এ সুলতান এমপিসহ ফেডারেশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ব্লাটার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করেন। এরপর তাকে নবনির্মিত বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়।
ফিফার অর্থ সরবরাহের ব্যাপারে জানতে চাওয়া হলে ব্লাটার জানান, বিভিন্ন দেশের ফুটবল সংস্থাগুলো চার বছরে এক মিলিয়ন ডলার এবং ছয়টি ফুটবল কনফেডারেশন দশ মিলিয়ন ডলার লাভ করে। ফিফার সলিডারিটি ফান্ড থেকে যোগান দেওয়া হয় গোল প্রজেক্টের অর্থ। উন্নয়নশীল দেশগুলো এই গোল প্রজেক্টের সুফল ভোগ করছে।
ব্লাটার জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কক্সবাজার এবং বরিশালে দু’টি ফুটবল একাডেমি গড়ে তোলার জন্য ফিফার সুনামি ফান্ড থেকে আড়াই লাখ ডলার আর্থিক সহায়তা পেয়েছে।
দেশের স্কুল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়ার জন্য ব্লাটার বাংলাদেশের ফুটবল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ফিফা সভাপতি সেপ ব্লাটার রোববার সকালে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
