ফিফা বস ব্লাটার শনিবার ঢাকা আসছেন
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জোসেফ এস ব্লাটার একই সাথে ঢাকা ও চট্টগ্রামে এএফসি চ্যালেঞ্জ কাপ উদ্বোধন করতে শনিবার বাংলাদেশে আসছেন।
ব্লাটারের এ সফর হবে ফিফার কোন সভাপতির দ্বিতীয় বাংলাদেশ সফর। জোয়াও হ্যাভেলাঞ্জে ১৯৮৩ সালে ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।
সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান শনিবার সকালে ফিফা প্রধানকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাদরে গ্রহণ করবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি এসএ সুলতান এমপি ও অন্যান্য কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শনিবার সকাল ১১টায় ব্লাটার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করবেন।
ফিফা সভাপতি রোববার সকালে তার নিজস্ব উড়োজাহাজে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
