২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনেই চালকের আসনে শ্রীলঙ্কা এ দল

অধিনায়ক জিহান মুবারকের টানা দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে শহীদ চান্দু স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কা এ দল স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনেই চালকের আসনে বসে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিকেএসপিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৪০ রান করা মুবারক এই ম্যাচে ১৫ টি বাউন্ডারি এবং চারটি ছক্কায় করেন ১২১ রান। প্রথম দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ পাঁচ উইকেটে ৩৪২ রান। গজানায়েকে ২৬ এবং সি সিলভা ১৪ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম ব্যাট করতে নেমে অতিথিরা বাংলাদেশের পেসার মাশরাফি বিন মুর্তজার তোপের মুখে পড়ে। দলীয় ১৫ রানে ফিরে যান কালাভিতিগোডা (১০)।

কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে পানিয়েল এবং অধিনায়ক মুবারক ১৮৩ রানের পার্টনারশীপ গড়ে সেই ধাক্কাটা বুঝতেই দেননি। শেষ পর্যন্ত ব্রেকথ্রু  এনে দেন এনামুল হক জুনিয়র। ১০৭ বলে ৬০ রান করা পানিয়েলকে ফিরিয়ে দেন এনামুল। অল্প সময়ের মধ্যে মুবারকের উইকেটটিও তুলে নেন বাঁ হাতি এই স্পিনার।

চতুর্থ উইকেট জুটিতে আবারও বড় পার্টনারশীপ গড়ে তোলে লঙ্কানরা। মেন্ডিস এবং ওয়ার্নাপুরা দু’জনে মিলে এই জুটিতে ৭৯ রান তোলেন। উইকেটরক্ষক মুশফিকুর রহিমের থ্রোতে রানআউট হওয়ার আগে ওয়ার্নাপুরা করেন ২৭ রান। মেন্ডিস করেন ৬০ রান।

এনামুল হক জুনিয়র দু’টি, জামালউদ্দিন বাবু ও মাশরাফি একটি করে উইকেট লাভ করেন।