কলম্বো টেস্টে রানের পাহাড়ের নীচে পাকিস্তান
কলম্বো টেস্টে জয়ের জন্য ৪৫৮ রানের টার্গেটের পাহাড়ে ওঠার চেষ্টা করছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। তবে বুধবার দিনশেষে দুই উইকেট হারানোয় সফরকারীদের সেই চেষ্টা হোঁচট খেয়েছে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর বোর্ডে জমা পড়েছে ৮৮ রান।
জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন আরও ৩৬৯ রান। অন্যদিকে শ্রীলঙ্কার দরকার পাকিস্তানের আটটি উইকেট। কোন দৈব ঘটনা না ঘটলে শ্রীলঙ্কার জয়টা এখন সময়ের ব্যাপার।
এর আগে স্বাগতিকরা দুই উইকেটে ২৪২ রান নিয়ে দিনের খেলা শুরু করে কুমার সাঙ্গাকারার হার না মানা ১৮৫ এবং মাহেলা জয়বর্ধনে, থিলান সামারাবীরার দু’টি অর্ধশতকে ভর করে পাঁচ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে।
গত জুলাইয়ের পর এই প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন লঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। তৃতীয় উইকেটে ১৬৮ রান তুলে বিচ্ছিন্ন হয় সাঙ্গাকারা -- জয়বর্ধনে জুটি। ১৩৯ বলে ১২টি চার এবং একট ছয়ে ৮২ রান করে মোহাম্মদ আসিফের দ্বিতীয় শিকারে পরিনত হন লঙ্কান অধিনায়ক।
এরপরও শ্রীলঙ্কানদের রানের চাকা থেমে থাকেনি একটিবারের জন্যও। চতুর্থ উইকেট জুুিটতে থিলান সামারাবীরাকে নিয়ে ১৪৪ রানের আরেকটি বড় পার্টনারশীপ গড়ে তোলেন সাঙ্গাকারা। ১৮৫ রানের ধ্র“পদী ইনিংসটি খেলার পথে সাঙ্গাকারা বাউন্ডারি হাঁকান ২২টি।
শহিদ আফ্রিদির বলে ইমরান ফারহাতের হাতে ক্যাচ দেওয়ার আগে সামারাবীরা ১১৯ বলে সাতটি বাউন্ডারিতে ৬৪ রান করে যান।
জয়ের জন্য ৪৫৮ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসের সূচনাটা ভালোই করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে শোয়েব মালিক এবং ইমরান ফারহাত ৫৯ রান তুলে বিচ্ছিন্ন হন। ৩৪ রান করে ফিরে যান ইমরান ফারহাত। ইমরানের উইকেট তুলে নেওয়া লঙ্কান স্পিনার মুরালিধরন শেষ বিকেলে আবারও আঘাত হানলে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। দলীয় ৭১ রানে বোল্ড হন পাক সহ অধিনায়ক ইউনিস খান (৮)।
চতুর্থ দিন শেষে শোয়েব মালিক ৩১ এবং ফয়সাল ইকবাল সাত রানে অপরাজিত রয়েছেন।
