২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের জন্য জাতীয় দলে চার নতুন ফুটবলার

আসন্ন এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার ২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে। ঘোষিত দলে নতুন মুখ চার জন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বাংলাদেশের হয়ে প্রথমবারের মত খেলার সুযোগ পাওয়া চার ফুটবলার হচ্ছেন- স্ট্রাইকার মেহেদী হাসান তপু, রাইট উইংগার মহিউদ্দিন ইবনুল সিরাজি, ডিফেন্ডার ওয়ালী ফয়সাল এবং উইংগার জাহেদ পারভেজ।

জাতীয় দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি প্রাথমিক দল থেকে বাদ দিয়েছেন ছয় ফুটবলারকে। বাদ পড়া ফুটবলাররা হলেন- হাসান আল মামুন, শোয়েব হোসেন সনি, শাহরিয়ার আবদুল্লাহ রিন্টু, ফয়সাল মাহমুদ, আবদুল্লাহ পারভেজ এবং জাহিদ।

জাতীয় দলের ম্যানেজার ছাইদ হাছান কানন বিডিনিউজকে জানান, দলের আরেক ইনজুরি আক্রান্ত ডিফেন্ডার সুজনের অবস্থার উন্নতি হওয়ায় কোচ তাকে দলে রেখেছেন এবং প্রয়োজন হলে তাকে মাঠেও দেখা যেতে পারে।

কানন আরও জানান, সুজনকে কোচ এবং ট্রেইনারের নজরে রাখা হয়েছে। জাতীয় দলের ম্যানেজার জানিয়েছেন, টুর্নামেন্টে বাংলাদেশের কোন নির্দিষ্ট লক্ষ্য না থাকলেও ভালো খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন ক্রুসিয়ানি।

কানন বলেন, সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে নতুনদের নিয়ে একটি স্বয়ংসম্পূর্ন দল গড়তে কোচের আরও বেশকিছুদিন সময় লাগবে।

এএফসির টুর্নামেন্টটির জন্য বাংলাদেশ তিন সপ্তাহ ধরে বিকেএসপিতে চালিয়ে যাচ্ছে নিবিড় অনুশীলন, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি প্রস্ততি ম্যাচে ১ -- ২ গোলে হেরে যাওয়ায় জাতীয় দলের প্রস্তুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

তাছাড়া কোচের দাবি অনুযায়ী জাতীয় দলের জন্য দেশের বাইরে তিন থেকে চারটি অনুশীলন ম্যাচও আয়োজন করতে পারেনি বাফুফে। তবে স্থানীয় দুই ফুটবল জায়ান্টের বিরুদ্ধে আরও দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ক্রুসিয়ান ইনজুরির অজুহাতে তা বাতিল করে দেন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে (১ এপ্রিল) কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে। টুর্নামেন্টের সি গ্র“পে বাংলাদেশর সাথে রয়েছে ফিলিস্তিন, গুয়াম এবং কম্বোডিয়া। তিনটি দলের মধ্যে কম্বোডিয়া ইতোমধ্যে ঢাকা এসে পৌঁছালেও গুয়াম বুধবার রাতে এবং ফিলিস্তিন বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবে। 

এশিয়ার ১৬ টি দল টুর্নামেন্টে চারটি গ্র“পে ভাগ হয়ে ঢাকা ও চট্টগ্রামে খেলবে। টুর্নামেন্টের এ এবং বি গ্র“পের খেলা চট্টগ্রামে আর সি এবং ডি গ্র“পের খেলাগুলো রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড: আরিফ খান জয় (অধিনায়ক), আমিনুল হক (সহ অধিনায়ক), বিপ্লব ভট্টচার্য্য, রজনী কান্ত বর্মন, মোহাম্মদ সুজন, নজরুল ইসলাম, ফয়সাল আহমেদ, পারভেজ বাবু, ওয়ালী ফয়সাল, ইবনুল সিরাজি, আরমান আজিজি, মনোয়ার হোসেন, আসাদুর রহমান, মেহেদী হাসান উজ্জ্বল, আবুল হোসেন, আলফাজ আহমেদ, রোকনুজ্জামান কাঞ্চন, জাহিদ হোসেন এমিলি, মেহেদী হাসান তপু এবং জাহেদ পারভেজ।