অবসরের ঘোষণা দিলেন কেনিয়ান তারকা ব্যাটসম্যান ওটিয়েনো
কেনিয়া ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান কেনেডি ওটিয়েনো আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আসন্ন আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপের উদ্বোধনী ম্যাচে কেনিয়ার হয়ে খেলার সুযোগ না পেয়ে অনেকটা অভিমানেই অবসরের ঘোষণা দিয়ে বসেন ওটিয়েনো।
ব্যাটিংয়ে ইনিংসের সূচনার পাশাপাশি দলের উইকেট আগলানোর দায়িত্বটাও এতদিন পরম নির্ভরতায় পালন করে এসেছেন ওটিয়েনো। ইন্টারকন্টিনেন্টাল কাপের উদ্বোধনী ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলবে কেনিয়া।
দল থেকে ওটিয়েনোকে বাদ দেওয়ার কারণ হিসেবে কেনিয়া দলের নির্বাচকরা সম্প্রতি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সফরে তার অফফর্মকেই দায়ি করেছেন।
অভিমানী ওটিয়েনো বুধবার সাংবাদিকদের জানান, বাংলাদেশ সফরে দলের পুরো ব্যাটিং টপ অর্ডারই ব্যর্থ হয়েছে, নির্বাচকরা আমার ব্যাপারটি আরও স্বচ্ছতার সাথে বিবেচনা করতে পারতেন।
ওটিয়েনো (৩৪) ১৯৯৬ সালের বিশ্বকাপের (ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত) পর থেকেই দলের একজন নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিনত হন। ’৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ৮৫ রানের ইনিংসটি এখনও জ্বলজ্বল করছে।
কেনিয়া এ পর্যন্ত যে ৭২ টি ওয়ানডে ম্যাচ খেলেছে তার মধ্যে ৬০ টিতে অংশগ্রহন করেছেন ওটিয়েনো। তার এই দীর্ঘ পথচলায় সঙ্গী ছিলেন বর্তমান অধিনায়ক স্টিভ টিকোলো এবং দল থেকে বরখাস্ত মরিস উদুম্বে।
সম্প্রতি বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ৪ -- ০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় কেনিয়া। বগুড়ায় সিরিজের প্রথম ম্যাচে মাত্র ছয় রান করেন ওটিয়েনো। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও তার ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকে। নারায়ণগঞ্জে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি তাকে।
