২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিশ্বকাপ সঙ্গীত পরিবেশন করবে এবার রক ব্যান্ড ‘এমব্রেস’

ইংল্যান্ডের ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, ইয়র্কশায়ারের রক ব্যান্ড ‘এমব্রেস’ জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ইংলিশ ফুটবল দলের জন্য বিশ্বকাপ সঙ্গীত পরিবেশন করবে। নিউ ওর্ডার ও দি স্পাইস গার্লসের পরে এবার এ ধরনের সুযোগ পেল এমব্রেস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 11:37 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

গানটির শিরোনাম হচ্ছে ‘ওয়ার্ল্ড ইট ইয়োর ফুট’ অথ্যাৎ ‘বিশ্ব তোমার পায়ে’। ৯ জুন জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগে গানটি মুক্তি পাবে।

এমব্রেস ব্যান্ডের মূল গায়ক ড্যানি ম্যাকনামারা বলেন, “আমরা আসলেই একটি ভাল গান রচনা করতে সমর্থ হয়েছি এবং আশাকরি পূর্বের গানগুলোর মত এই গানটিও সফলতা পাবে।”

বিশ্বকাপ ফুটবলের দলীয় সঙ্গীত ইংলিশ ভক্তদের পাশাপাশি জাতীয় ফুটবলারদের উজ্জীবিত করে। তাছাড়া এ ধরনের গান সবসময় জনপ্রিয়তা পেয়ে থাকে।

১৯৭০ সালে ইংল্যান্ড ফুটবল দলের জন্য রচিত এ ধরনের প্রথম গান ‘ব্যাক হোম’ টপ চার্টে শীর্ষে স্থান পায়। ১৯৯০ ও ১৯৯৮ সালে নিউ ওর্ডার ও দি স্পাইস গার্লের রচিত গানটিও টপ চার্টের শীর্ষে উঠে যায়।