নাসদাক ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে ফেদেরার, মরেসমো, পেত্রোভা
বিশ্ব টেনিসের দুই শীর্ষ বাছাই রজার ফেদেরার এবং এমিলি মরেসমো ৬৯ লাখ ডলারের ‘নাসদাক ১০০ ওপেন’ টেনিসের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন ব্রিটিশ খেলোয়াড় টিম হেনম্যান।
সুইস তারকা রজার ফেদেরার তৃতীয় রাউন্ডের ম্যাচে সরাসরি ৬-১, ৬-৩ সেটে জার্মান প্রতিদ্বন্দ্বী টমি হ্যাসকে এবং ফরাসি প্রতিদ্বন্দ্বী এমিলি মরেসমো ৭-৫, ৬-২ সেটে সার্বিয়ান এনা ইভানোভিচকে পরাজিত করে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে গেলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মরেসমো কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন পঞ্চম বাছাই রাশিয়ান নাদিয়া পেত্রোভার যিনি গ্রিক প্রতিদ্বন্দ্বী ইলিনা দানিলিদুকে ৬-২, ৬-০ সেটে পরাজিত করেছিলেন।
চতুর্থ বাছাই রাশিয়ান মারিয়া শারাপোভা ৩-৬, ৬-৪, ৬-১ সেটে পরাজিত করেছেন স্বদেশী প্রতিদ্বন্দ্বী মারিয়া কিরিলেনকোকে। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন অপর স্বদেশী প্রতিদ্বন্দ্বী এনাস্তাসিয়া মিসকিনার।
তবে তৃতীয় রাউন্ডের ম্যাচে ব্রিটিশ তারকা টেনিস খেলোয়াড় টিম হেনম্যান ০-৬, ৬-১, ৭-৫ সেটে জার্মান প্রতিদ্বন্দ্বী সিমন গ্রিউলের কাছে পরাজিত হয়ে ব্রিটিশ সমর্থকদের হতাশ করেছেন। হেনম্যান প্রথম সেট জয় করতে পারলেও পরাবর্তী দু’টি সেটে পরাজিত হন।
এদিকে চতুর্থ বাছাই আমেরিকান এন্ডি রডিক ৬-৩, ৬-৪ সেটে স্পেনের প্রতিদ্বন্দ্বী ফার্নান্ডো ভারদারসোকে পরাজিত করেছেন। পরবর্তী ম্যাচে রডিক মুখোমুখি হবেন গ্রিউলের।
আমেরিকান জেমস ব্ল্যাক ৬-৩, ৪-৬, ৬-১ সেটে পরাজিত করেছেন ফিনল্যান্ডের প্রতিদ্বন্দ্বী জার্কো নিমিনেনকে। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন আর্জেন্টাইন জুয়ান ইগনেসিও চিলার।
