কলম্বোতে বড় লিডের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা
কলম্বো টেস্টের তৃতীয় দিনেও (মঙ্গলবার) বোলারদের দাপট প্রায় দ্বিতীয় দিনের মতই অব্যাহত ছিল। দ্বিতীয় দিন যেখানে ১৪ টি উইকেটের পতন ঘটে সেখানে তৃতীয় উইকেট পড়েছে আটটি। তবে দিনশেষে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও ঘুরে দাঁড়িয়েছে।
পাকিস্তানকে প্রথম ইনিংসে ১৭৬ রানে গুটিয়ে দিয়ে স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ২৪২ রান তুলে ২৫১ রানে এগিয়ে গেছে। সাঙ্গাকারা ৭৭ এবং মাহেলা জয়বর্ধনে ৬৯ রানে চতুর্থ দিনের দিনের খেলা শুরু করবেন।
এর আগে পাকিস্তান চার উইকেটে ১২৪ রান নিয়ে যখন দিনের খেলা শুরু করে তখন মনে হচ্ছিল রানের পাহাড় গড়তে যাচ্ছে সফরকারীরা। কিন্তু পাকিস্তানের সেই স্বপ্নে বাগড়া দেন লঙ্কান বোলাররা। মাত্র ৩২ রানের মধ্যেই পাকিস্তানের বাকি ছয়টি উইকেট তুলে নেন স্বাগতিক দলের বোলাররা।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ফারভিজ মাহরুফ একাই ৫২ রানে চার উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন নড়বড়ে করে দেন। মুরালিধরন এবং লাসিথ মালিঙ্গা তিনটি করে উইকেট তুলে নিয়ে মাহরুফকে দিয়ে গেছেন যোগ্য সহায়তা।
প্রথম ইনিংসের চাইতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা অনেক বেশি গোছানো ছিল। নয় রানের লিড নিয়ে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে উপুল থারাঙ্গা এবং সনথ জয়সুরিয়া ৫৩ রানরে জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন। জয়সুরিয়া মাত্র ১৩ রান করে মোহাম্মদ আসিফের বলে উইকেটের পেছনে কামরান আকমলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেও থারাঙ্গা তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
দ্বিতীয় উইকেট জুটিতে থারাঙ্গা এবং কুমার সাঙ্গাকারা আরও ৭৪ রান যোগ করলে দিনশেষে শক্ত অবস্থানে চলে যায় স্বাগতিকরা।
হাফ সেঞ্চুরিয়ান থারাঙ্গার উইকেট তুলে নয়ে পাকিস্তানকে দিনের দ্বিতীয় সাফল্যের মুখ দেখান স্পিনার দানিশ কানেরিয়া। ইমরান ফারহাতের হাতে ধরা পড়ার আগে থারাঙ্গা ১৩৩ বলে ১২টি চারে ৭২ রান করে যান।
