জাতীয় ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী, চট্টগ্রাম রানার্স আপ
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে সোমবার বরিশাল নিজেদের মাঠে ছয় উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। তবে চট্টগ্রামের পরাজয়ে লাভবান হয়েছে রাজশাহী। এবারের জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচের শিরোপা চলে গেছে রাজশাহীর ঘরে। অন্যদিকে বরিশালের বিরুদ্ধে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে চট্টগ্রামকে।
এর আগে রোববার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকাকে দশ উইকেটে হারিয়ে লিগের ওয়ানডের শিরোপাও নিজেদের দখলে নিয়েছে রাজশাহী। দশ খেলায় দু’টি ড্র, দু’টি পরাজয় এবং ছয়টি জয়ে ৪০ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়নরা।
সমানসংখ্যক খেলায় চারটি জয়, তিনটি ড্র এবং তিনটি পরাজয়ে চট্টগ্রামের সংগ্রহ ৩৬ পয়েন্ট। তবে বরিশালের অগ্রগতি চোখে পড়ার মত। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে বরিশাল। ১৫ পয়েন্ট নিয়ে ঢাকার সাথে চতুর্থ স্থানে অবস্থান করছে সিলেট। সিলেট শেষ দিনে নয় উইকেটে হারায় খুলনাকে।
চট্টগ্রাম বনাম বরিশাল
দুই উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল এবং আর দু’টি উইকেট হারিয়েই ১৪৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নাসিরউদ্দিন ফারুক ৪৫ এবং মার্শাল আইয়ুব ৩২ রানে অপরািজত থাকেন।
পঞ্চম উইকেট জুটিতে ফারুক এবং মার্শাল ৪৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। প্রথম ইনিংসে ১২১ রানের সুবাদে বরিশালের ওপেনার হান্নান সরকার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
সিলেট বনাম খুলনা
খুলনা দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অল আউট হলে সিলেটের সামনে ১৫১ রানের জয়ের টার্গেট দাঁড়ায়।
এর আগে খুলনা আট উইকেটে ১৯৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে এবং ৩৩ রান যোগ করতেই গুটিয়ে যায়। হাসিবুল হোসেন শান্তু ৫৭ রানে পাঁচ উইকেট শিকার করেন।
জবাবে ওপেনার গোলাম রহমান এবং ইমতিয়াজ হোসেনের দু’টি অর্ধশতকে ভর করে সহজেই জয় পায় সিলেট।
উদ্বোধনী জুটিতে গোলাম রহমান এবং ইমতিয়াজ ১৩৪ রান যোগ করেন। গোলাম রহমান ৬৩ রানে অপরাজিত থাকলেও ইমতিয়াজ ৬১ রান করে আউট হয়ে যান।
সিলেটের গোলাম মাবুদ প্রথম ইনিংসে ১২২ রান করার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
