২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুতের আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আসন্ন এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এশিয়ার ১৬ টি দেশের অংশগ্রহনে এএফসি চ্যালেঞ্জ কাপ ১ এপ্রিল থেকে শুরু হবে।

গত সপ্তাহে এএফসি কর্মকর্তাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে সংস্কার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশের পর এই প্রথম প্রতিমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাওয়া গেল। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যুর শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে বর্তমানে এএফসি একটি দল দেশে অবস্থান করছে।

ক্রীড়া প্রতিমন্ত্রীও গত সপ্তাহে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এর সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সোমবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের ভেন্যুগুলোর প্রস্তুতি সম্পর্কে বক্তব্য করছিলেন। 

এএফসি সহ সভাপতি মনিলাল ফার্নান্ডো, ফুটবল ফেডারেশনের সভাপিত এস এ সুলতান এমপি, সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, আব্দুর রহিম এবং উপ যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন মালু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে টুর্নামেন্ট শুরুর চার দিন আগে অর্থাৎ মঙ্গলবার থেকে দেশে আয়োজিত এই টুর্নামেন্টের অনুষ্ঠানিক প্রচারনা শুরু করতে যাচ্ছেন আয়োজকরা।

বাংলাদেশ টেলিভিশন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করার পাশাপাশি টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত টুর্নামেন্ট সম্পর্কিত ট্রেলারও প্রচার করবে। একইসাথে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও টুর্নামেন্টের প্রচারনা চালাবে। টুর্নামেন্টের পোষ্টার, ব্যানার এবং ফেস্টুনও শোভা পাবে দু’টি নগরীতে।

সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান আসন্ন চ্যালেঞ্জ কাপ সুষ্ঠুুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী এএফসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সরকার, ফুটবল ফেডারেশন এবং জনগনের প্রতি আস্থার স্বীকৃতিস্বরূপ এএফসি আমাদের চ্যালেঞ্জ কাপ আয়োজনের সুযোগ দিয়েছে এবং আমি আশা করি টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

তিনি জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলছে, তবে ১ এপ্রিলের আগেই সংস্কার কাজ শেষ হয়ে যাবে। প্রতিমন্ত্রী আরও জানান, চট্টগ্রাম ভেন্যুর উন্নয়নের জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মনিলাল ফার্নান্ডোও সংবাদ সম্মেলনে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে সকল প্রকারের সহযোগিতার জন্য আমি মাননীয় মন্ত্রী, ফুটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।

মনিলাল জানান, এশিয়ার ১৬ টি উন্নয়নশীল দেশের ফুটবলের উন্নয়নের জন্যই এএফসি এই টুর্নামেন্ট আয়োজন করেছে। পুরো টুর্নামেন্টে আড়াই মিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানান এএফসি সহ সভাপতি।

ফিফার ডেভলপমেন্ট অফিসার ফার্নান্ডো জানান, ফিফা সভাপতি সেপ ব্লাটার এবং এএফসি সভাপতি মোহামেদ বিন হাম্মাম টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ৩১ মার্চ ঢাকা এসে পৌঁছাবেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ২০ মিনিট ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে স্পন্দন শিল্প গোষ্ঠীর ১৫০ জন শিল্পী অংশগ্রহন করবেন।

এক প্রশ্নের জবাবে ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান জানান, বাংলাদেশের টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার লক্ষ্য থাকলেও দলে ইনজুরি সমস্যা থাকায় কিছুটা শংকাও রয়েছে। তবে এ ব্যাপারে দলের কোচ এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করে শুন্যতা পুরনে প্রয়োজনে সিনিয়র ফুটবলারদের দলে ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ফেডারেশন সভাপতি।    

এদিকে টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য মঙ্গলবার থেকেই বিদেশী দলগুলোর আসা শুরু হবে। বিদেশি দলগুলোর মধ্যে মঙ্গলবার প্রথম আসবে পাকিস্তান। বুধবার আসবে চাইনীজ তাইপে, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ব্র“নেই, কম্বোডিয়া এবং গুয়াম ফুটবল দল। টুর্নামেন্টের তিন ফেবারিট দল- ভারত, তাজিকিস্তান এবং কিরঘিজস্তান আসবে ৩০ মার্চ। ৩১ মার্চ ঢাকায় পা রাখবে নেপাল।