২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফিসের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার এড়ালো বাংলাদেশ এ দল

ওপেনার নাফিস ইকবালের অনবদ্য ৮০ রানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে চারদিনের ম্যাচটি রোববার ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ এ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিকেএসপি মাঠে অনুষ্ঠিত খেলায় শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ৩০২ রানের টার্গেটের পেছনে ছুটে বাংলাদেশ এ দল শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে পাঁচ উইকেটে ১৮০ রান করে।

চার রানে ওপেনার নাজমুস সাদাতকে হারানোর পর নাফিস ইকবাল এবং অধিনায়ক তুষার ইমরান দ্বিতীয় উইকেট জুটিতে ৪২ রান করে বিপর্যয় সামাল দেন। কিন্তু তুষার ইমরান বেশিদুর এগোতে পারেননি। ১৭ রান করে হেরাথের বলে এলবিডব্লিউ হয়ে যান তুষার।

তবে মেহরাব হোসেন জুনিয়রকে নিয়ে নাফিস তৃতীয় উইকেট জুটিতে দৃঢ়তার সাথে ব্যাটিং করে দলের রানকে ১৪৬ এ নিয়ে যান। মেহরাব ৩৪ রান করেন।

নাফিস ১৩৭ বলে ১৩টি বাউন্ডারির সহায়তায় ৮০ রান করেন। সাকিব আল হাসান ছয় এবং ফরহাদ হোসেন ১৪ রানে অপরাজিত থেকে যান।

এর আগে শ্রীলঙ্কা এ দল পাঁচ উইকেটে ১১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে এবং ১৮৭ রানেই অলআউট হয়ে যায়। জিহান মুবারক ১৯০ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কায় ৯০ রান করে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১১৩ রানে ছয় উইকেট নেওয়া বাংলাদেশের স্পিনার এনামুল হক জুনিয়র দ্বিতীয় ইনিংসেও ৬১ রান খরচায় চার উইকেট তুলে নেন। এছাড়া তাপস বৈশ্য এবং মাহমুদুল্লাহ রিয়াদ দু’টি করে উইকেট লাভ করেন।