আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা ভালদানো মেক্সিকোতে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত
মেক্সিকো সিটিতে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে এর আরোহী আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা জর্জ ভালদানোসহ আরও সাত জন আহত হয়েছেন।
কাঁধে আঘাতপ্রাপ্ত ভালদানোকে ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে রোববারের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এবিসি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কার্লোস লিটসজেইন জানিয়েছেন, ভালদানোসহ আহত অন্যদের অবস্থা আশংকাজনক নয়।
পুলিশ সূত্র জানিয়েছে, হেলিকপ্টারটি রাজধানীর বানিজ্যিক এলাকার একটি সড়কের উপর বিধ্বস্ত হয়, তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি। মেক্সিকো সিটির ডেপুটি পাবলিক সিকিউরিটি চীফ গ্যাব্রিয়েল রেজিনো দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার জর্জ ভালদানো (৫০) ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের শিরোপাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করা ছাড়াও ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেন। গত বছরই তিনি পুরোপুরি অবসরে চলে যান।
