বাংলাদেশের বিরুদ্ধে ২২৭ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা এ দল
বাংলাদেশ এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচের তৃতীয় দিনটি ছিল শ্রীলঙ্কার নিয়ন্ত্রনে। বিকেএসপিতে শনিবার ম্যাচের তৃতীয় দিনশেষে শ্রীলঙ্কা সব মিলিয়ে ২২৭ রানে এগিয়ে গেছে।
শ্রীলঙ্কা পাঁচ উইকেটে ১১৩ রান নিয়ে দিনের খেলা শেষ করে। অধিনায়ক জিহান মুবারক ৫৯ এবং সিলভা পাঁচ রানে অপরাজিত রয়েছেন।
এনামুল হক জুনিয়র ২৯ রানে তিন উইকেট লাভ করেন।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৯৫ রান তুলে অলআউট হয়। শ্রীলঙ্কার হেরাথ ৭২ রানে পাঁচ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১১৪ রানের লিড পায়।
দুই উইকেটে ১৬৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ এবং বাকি আট উইকেটের বিনিময়ে ১২৮ রান যোগ করতে সক্ষম হয়।
সাকিব আল হাসান ১১১ বলে দশটি চারের সহায়তায় ৬৯ এবং অধিনায়ক তুষার ইমরান ১৩০ বলে সাতটি চারের মাধ্যমে ৬৩ রান করেন।
তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ১০৭ রান যোগ করেন। এছাড়া মেহরাব হোসেন জুনিয়র ২২, এনামুল হক জুনিয়র ১৮, ফরহাদ হোসেন ১৪ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৪ রান করেন।
