২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজিনের সেঞ্চুরিতে শেষ ম্যাচেও কেনিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ

উদ্বোধনী ব্যাটসম্যান রাজিন সালেহর চমৎকার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ শনিবার ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ও শেষ ওয়ানডে ম্যাচে কেনিয়াকে সাত উইকেটে হারিয়ে ৪ - ০ ব্যবধানে বাংলালিংক টাইগার কাপ সিরিজ জিতে নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

কেনিয়ার নয় উইকেটে ২৩২ রানের জবাবে বাংলাদেশ আট দশমিক তিন ওভার বাকি থাকতেই তিন উইকেটে ২৩৭ রান করে জয় তুলে নেয়।

রাজিন সালেহ ১১৩ বলে ১৬টি বাউন্ডারির মাধ্যমে ১০৮ এবং অধিনায়ক হাবিবুল বাশার ৮৮ বলে পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন।

ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরিটি আসলো রাজিনের ব্যাট থেকে। এর আগে মেহরাব হোসেন অপি ১৯৯৮/৯৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিরুদ্ধে ১০১ এবং ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহাম্মদ আশরাফুল ১০০ রান করেন।

শেষ ম্যাচে আরেকটি রেকর্ডের মালিক হয়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে রাজিন এবং বাশার ১৭৫ রানের জুটি গড়ে এই রেকর্ড করেন। কার্ডিফের ম্যাচে চতুর্থ উইকেট জুটিতে বাশার এবং মোহাম্মদ আশরাফুল ১৩০ রানের পার্টনারশীপ গড়েছিলেন।

ম্যাচ জেতানো সেঞ্চুরিটির জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রাজিন, আর সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কার তুলে নিয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

দেশের মাটিতে এবং দেশের বাইরে বাংলাদেশ এ পর্যন্ত যতগুলো সিরিজ খেলেছে তারমধ্যে এই প্রথম কোন সিরিজে শতভাগ সাফল্যের অর্জন নিজেদের ঝুলিতে পুরতে সক্ষম হয়েছে হাবিবুল বাশারের দল।

বাংলাদেশ এর আগে ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজটি ৩ -- ২ ব্যবধানে জিতে নেয়।

ম্যাচ জিতলেও বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা কিন্তু মসৃন হয়নি। স্কোর বোর্ডে ১৩ দশমিক এক ওভারে ৬২ রান উঠতেই সাজঘরে ফেরেন ওপেনার শাহরিয়ার নাফিস (২০), পিঞ্চ হিটার আফতাব আহমেদ (৯) এবং মোহাম্মদ আশরাফুল (১১)। 

কিন্তু সিরিজে প্রথমবারের মত খেলার সুযোগ পেয়ে শাহরিয়ারের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে রাজিন সালেহ একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি রানের চাকাও সচল রেখেছেন। দীর্ঘ ২৩ ম্যাচ পর ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরিও পেয়েছেন অধিনায়ক বাশার।

দুই ব্যাটসম্যানই কেনিয়ান বোলারদের ছুঁড়ে দেওয়া বলগুলোর লাইন -- লেন্থ বুঝে ধীরে ধীরে ইনিংস মেরামতের দিকে মনোযোগ দেন। ভালো বলগুলো যেমন মাথা নীচু করে খেলেছেন, তেমনি লুজ বল পেলে সীমানা ছাড়া করতে এতটুকুও কার্পন্য দেখাননি।

রাজিন - বাশারের চতুর্থ উইকেট জুটি ভাঙ্গতে কেনিয়ান অধিনায়ক তার বোলিং ডিপার্টমেন্টের আট সেনাকে ব্যবহার করেছেন। কিন্তু কোন বোলারই টিকোলোকে সাফল্য এনে দিতে সক্ষম হননি।

টনি সুজিকে মিড অন দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ১০২ রানে পৌঁছে যান রাজিন। আর এই রান করার পথে বল খেলেছেন ৯৮টি। জাভেদের জায়গায় ইনিংসের সূচনা করতে নেমে একবারের জন্যও জাভেদের অভাবটা বুঝতে দেননি রাজিন।

অন্যদিকে প্রথম দুই ম্যাচে নামারই প্রয়োজন হয়নি বাশারের। তৃতীয় ম্যাচেও যাও সুযোগ পেলেন, কিন্তু তার ব্যাট কথা বলেনি সেদিন। সেদিন শুন্যরানে ফিরে গেলেও অধিনায়কের ব্যাট কথা বলেছে শেষ ম্যাচে। অধিনায়কের ব্যাট থেকেই এসেছে দলের প্রয়োজনীয় উইনিং রান। তন্ময় মিশ্রর বলে ছক্কা মেরে দলকে জয় এনে দেন বাশার।

সকালে টসে জিতে কেনিয়ার অধিনায়ক স্টিভ টিকোলো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তার অধিনায়কোচিত ৮১ রানে ভর করেই সফরকারীরা ৫০ ওভারে নয় উইকেটে ২৩২ রানের লড়াকু স্কোর গড়ে। টিকোলো ৮৭ বলে নয়টি বাউন্ডারি এবং একটি ছক্কায় এই রান করেন।

২৮ রানে দুই উইকেট হারানোর পরও তৃতীয় উইকেট জুটিতে টিকোলো এবং হিতেশ মোদী ৯৫ রানের পার্টনারশীপ গড়ে দলের প্রাথমিক বিপর্যয় ভালোভাবেই সামাল দেন।

আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া মোহাম্মদ রফিকই শেষ পর্যন্ত ব্রেকথ্রু এনে দেন। ৩৫ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অভিজ্ঞ মোদী।

কিন্তু ওবুইয়াকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে টিকোলো দলের স্কোরকে স্ফীত করার দিকে এগোতে থাকেন। এই জুটিতে ৩৩ রান ওঠে।

আবারও বাংলাদেশের ত্রানকর্তা হিসেবে আর্বিভুত হন রফিক। এবার রফিকের ঘূর্ণিবলে হার মানেন টিকোলো। ৪১ তম ওভারে আব্দুর রাজ্জাক টমাস ওদোয়ো এবং তন্ময় মিশ্রর উইকেট তুলে নিলে কেনিয়ার স্কোরের চেহারা দাঁড়ায় এরকম- ১৬৪/৬।

কেনিয়ান ব্যাটসম্যানরা শেষ পাঁচ ওভারে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলে ৪২ রান তুলে নিলে সফরকারীদের স্কোর লড়াকু জায়গায় পৌঁছায়।

মাশরাফি, রাজ্জাক এবং রফিক তুলে নেন দু’টি করে উইকেট।