এফআইসিএ’র সমালোচনায় আইসিসি’র প্রধান নির্বাহী
আইসিসি’র ভবিষ্যৎ ক্রিকেট সফরসূচী সম্পর্কে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার এ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম মে’র সমালোচনা প্রত্যাখান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী ম্যালকম স্পিড বলেছেন, এটি আসলে অহেতুক বিরোধ সৃষ্টির প্রচেষ্টা।
আইসিসি’র ভবিষ্যৎ ক্রিকেট সময়সূচী অনুসারে ক্রিকেটারদের উপর মাত্রাতিরিক্ত চাপ পড়বে বলে সমালোচনা করেছে বিশ্বের ক্রিকেটারদের সংস্থা ফেডারেশন অব ক্রিকেটার এ্যাসোসিয়েশন।
কিন্তু ১২ ঘন্টার মধ্যে এফআইসিএ’র সমালোচনার জবাবে আইসিসি বলেছে, এ ধরনের বক্তব্য বিশ্ব ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রতি ক্রিকেটার এ্যাসোসিয়েশনের শ্রদ্ধাবোধের অভাবের পরিচয় বহন করে।
এ ধরনের সমালোচনা শুধু সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সংস্থা করতে পারে বলে জানিয়েছে আইসিসি।
আইসিসি’র ক্রিকেট সময়সূচী অনুযায়ী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রতিটি টেস্ট খেলুড়ে দল দেশের মাটিতে এবং দেশের বাইরে একে অপরের বিরুদ্ধে খেলবে। এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সময়ও কিছুটা কমানো হয়েছে।
স্পিড বলেছেন, “ফিসা বর্তমানে ৫ টি দেশের ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করছে এবং তাতে সংশ্লিষ্ট দেশগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। উদ্বেগের বিষয় এই যে, ্এই সংগঠনটি যে অভিযোগ তুলেছে তা কেবল সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড এবং তাদের ক্রিকেটার এ্যাসোসিয়েশনই উত্থাপন করার অধিকার রাখে।”
