রফিক ম্যাজিকে কেনিয়াকে হারিয়ে ৩ - ০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ
অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ রফিক ক্যারিয়ারে প্রথমবারেরমত পাঁচ উইকেট শিকারের পাশাপাশি বৃহস্পতিবার কেনিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২০ রানের জয়ও এনে দিয়েছেন।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ চার ম্যাচ সিরিজে ৩ -- ০ ব্যবধানে এগিয়ে গেলো। বাংলাদেশের সামনে এখন কেনিয়াকে হোয়াইটওয়াশ করার হাতছানি।
সিরিজ জয় ছাড়াও আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের খেলা নিশ্চিত হয়েছে। এবছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাছাড়া ওয়ানডে র্যাংকিংয়ে কেনিয়ার উপরের স্থানটি ধরে রাখার জন্য সিরিজের শেষ দু’টি ম্যাচে বাংলাদেশের অন্তত একটি জয় প্রয়োজন ছিল। কেনিয়া ১৮ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে ১১ তম স্থানে অবস্থান করছে। দশম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ২১।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ছয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পেলেও শেষ চারটি দলের মধ্য থেকে দু’টি দলকে টুর্নামেন্টে জায়গা করে নিতে হলে খেলতে হবে বাছাই ম্যাচ।
সকালে বাংলাদেশের ব্যাটিং শেষে ড্রেসিংরুমে কোচ ডেভ হোয়াটমোরের অস্থিরচিত্তের পায়চারি আর প্রধান নির্বাচক ফারুক আহমেদের হোয়াটমোরের পিঠে হাত বুলানোর দৃশ্য টেলিভিশনের কল্যানে প্রায় সবাই দেখে থাকবেন। সকালে ফতুল্লার নবনির্মিত স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানরা যা করেছেন তাতে আরেকটু হলেই ওয়ানডে র্যাংকিংয়ের দশ নম্বর জায়গা তো হাত ছাড়া হতোই সেইসাথে আসন্ন আইসিসি ট্রফিতে খেলার সুযোগটাও ফসকে যেতে পারতো। হোয়াটমোরের ক্ষুব্ধ হওয়ার কারন তো থাকতেই পারে।
ম্যাচে বাংলাদেশের ব্যাটিং প্রথম দুই ম্যাচের মত তো দুরের কথা উল্টো দেখা গেছে সেই আগের রূপ- আট রানের মধ্যেই ফিরে গেছেন ওপেনার জাভেদ ওমর। আর এরপর উইকেট পড়েছে প্রায় নিয়মিত বিরতিতে। ফতুল্লার স্লো পিচে শেষ পর্যন্ত ২৩১ রান স্বাগতিকদের ঝুলিতে জমা পড়লেও সহজ ম্যাচটা তারা জিতেছে বেশ কঠিন করেই। এই পুঁজি নিয়ে কেনিয়ার সামনে দাঁড়ানো কিছুটা ঝুঁকিপূর্ণই বলা যায়। কারণ আফ্রিকার দলটির পিঠ দেয়ালে ঠেকে রয়েছে অনেক আগে থেকেই, ঘুরে দাঁড়ানোর মত রসদ তাদের ভান্ডারে রয়েছে অনেক।। তবে মোহাম্মদ রফিক তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে না ধরলে হয়তো শুধু হোয়াটমোর কেন, দলের সব ক্রিকেটারসহ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অন্ধকার মুখ নিয়েই ঘরে ফিরতে হতো।
বাংলাদেশের আকাশে আশংকার মেঘ জমে ছিল কেনিয়ার ব্যাটিংয়ের মাঝ পর্যন্ত। ২৭ রানের মধ্যে মাশরাফি কেনিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যানের উইকেট তুলে নিলেও সফরকারীদের রানের চাকা একবারের জন্যও থেমে থাকেনি। তৃতীয় উইকেট জুটিতে দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক স্টিভ টিকোলো এবং হিতেশ মোদী ৪৪ রানের পার্টনারশীপ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেওয়ার পথে এগোচ্ছিলেন।
এ অবস্থায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন স্পিনার আব্দুর রাজ্জাক। নিজের বলে টিকোলোর (১০) ক্যাচটি লুফে নেন তরুণ এই স্পিনার। ছয় রান পরই অ্যাকশনে মোহাম্মদ রফিক। এবার রফিকের ঘূর্ণিবলের ফাঁদ থেকে পা সরিয়ে নিতে পারেননি মোদী। ৬১ বলে ছয়টি চারে ৩৭ রান করে ক্রমেই তার বিপজ্জনক হয়ে ওঠা থামিয়ে দেন রফিক।
আট রান পর ওদোয়োকে ফিরিয়ে দিয়ে দ্বিতীয় উইকেটের স্বাদ নেন রফিক। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে কলিন্স ওবুইয়া এবং তন্ময় মিশ্র মূল্যবান ৭১ রান করে আবারও বাংলাদেশ শিবরে ভয়ের স্রোত বইয়ে দেন। কিন্তু ভয় দুর করার ওঝা তো আছেনই। বাংলাদেশের বিরুদ্ধে কেনিয়ার জয়ের পাল্লাটা এখন রফিকের অভিজ্ঞতার চাইতে অনেক বেশি হালকা। আবারও বল হাতে আঘাত হানেন রফিক। ওদোয়োর পর আরও তিনবার রফিকের অভিজ্ঞতার কাছে মাথা নত করতে হয়েছে কেনিয়াকে। ৬৮ বলে পাঁচটি চারে ৪৫ রান করা কলিন্স ওবুইয়াকে এবারও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রফিক।
ঝুঁকি তখনও আঠার মত লেগে আছে বাংলাদেশের কপালে। বোলিংয়ে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মাঠে নেমেই ঝড় তোলেন পিটার অনগন্ডো। নিজে ১৭ বলে তিনটি চার এবং একটি ছক্কায় দ্রুতগতিতে ২৭ রান করার পাশাপাশি তন্ময়ের সাথে ৫১ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। পরে অবশ্য দু’জনই রফিকের মায়াবী স্পিনে পরাস্ত হন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করার পথে তন্ময় মিশ্র বল খেলেন ৫৯টি আর বাউন্ডারি হাঁকিয়েছেন তিনটি। এরপর কেনিয়ার ইনিংস গুটিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়, আর সেটা হয়েছে মাত্র চার রানের ব্যবধানে।
দশ ওভার বল করে ৪৪ রানে পাঁচ উইকেট তুলে নেওয়া মোহাম্মদ রফিকের আগের সেরা বোলিং ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৩ রানে নেন চার উইকেট। আর ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রফিক।
সকালে জাভেদের আউটের পর আরেক ওপেনার শাহরিয়ার নাফিস এবং মিডলঅর্ডারে অলক কাপালীর দু’টি হাফ সেঞ্চুরি, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিকের দু’টি ঝড়ো ইনিংস এবং খালেদ মাসুদের সংযমী ইনিংসটি না হলে বাংলাদেশের ইনিংসের চেহারা আরও হতশ্রী হতে পারতো।
দ্বিতীয় উইকেট জুটিতে নাফিস -- আফতাব ৪৪ রান করে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে গিয়েছিলেন। আফতাব শুরু থেকেই ছিলেন মারমুখী, অন্যদিকে নাফিস খেলে গেছেন একপ্রান্ত আগলে রেখে। আফতাব ১৯ বলে পাঁচটি চারে ২৪ রান করে আউট হয়ে যাওয়ার পর ১৬ রানের ব্যবধানে আশরাফুল এবং অধিনায়ক হাবিবুল বাশার ফিরে গেলে কিছু সময়ের জন্য নিঃসঙ্গ হয়ে পড়েন নাফিস। কিন্তু রফিক মাঠে নেমে নাফিসের নিঃসঙ্গতা দুর করার সাথে সাথে নাচিয়েছেন গ্যালারীভর্তি দর্শকদের। নাফিস -- রফিকের পঞ্চম উইকেট জুটিতে রান ওঠে ৬০। শাহরিয়ার নাফিস সিরিজে দ্বিতীয়বারের মত হাফ সেঞ্চুরির স্বাদ নেন। টিকোলোর শিকারে পরিনত হওয়ার আগে নাফিস ৫৭ রান করার পথে ৮৭ বলে দশটি বাউন্ডারি হাঁকিয়েছেন। রফিক ৩১ বলে চারটি বাউন্ডারি এবং একটি ছক্কায় ৩৩ রান করে জিমি কামান্ডের বলে বোল্ড হয়ে যান। মুহূর্তেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩২ রানে ছয় উইকেট।
দলের এই অবস্থায় গ্যালারীতে আবারও প্রাণ ফিরিয়ে আনেন অলক কাপালী এবং খালেদ মাসুদ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান মূল্যবান ৮৯ রান করে দলের স্কোরকে দুইশ’র ঘর পেরোতে সাহায্য করেন। দু’জনই সিঙ্গেলসের উপর ভর করে রানের চাকা সচল রাখেন। খালেদ মাসুদ ৫৩ বলে একটি চারে ৩৯ রানের ধৈর্য্যশীল একটি ইনিংস খেলে ওদোয়োর দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর দশ রানের মধ্যে তিন উইকেটের পতন ঘটলে ২৩১ রানেই থেমে যেতে হয় বাংলাদেশকে।
কেনিয়ার অধিনায়ক টিকোলো এবং পিটার অনগন্ডো তিনটি করে এবং টমাস ওদোয়ো দু’টি উইকেট লাভ করেন।
শনিবার একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
