যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারানোর পর জার্মান কোচ ক্লিন্সম্যানের মুখে হাসি
দুর্বল প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-১ গোলে বিজয়ী হওয়ায় জার্মানী দলের কোচ জার্জেন ক্লিন্সম্যানের মুখে হাসি ফুটেছে।
ইটালীর কাছে সপ্তাহ তিনেক আগে ৪-১ গোলে হেরে যাওয়ায় জার্মান ফুটবল দল বেশ চাপের মুখে ছিল। সে চাপ কাটিয়ে উঠে ক্লিন্সম্যানের দল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমার্ধের গোলশূন্য খেলায় ৪-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে।
ক্লিন্সম্যান সাংবাদিকদের বলেন, প্রথমার্ধের খেলা শেষে আমি আমার দলকে আমেরিকানদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে বলি। তিনি জার্মান দলের খেলা উপভোগ করেছেন এবং এই ফলাফল তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।
বিশ্বকাপ ফুটবল ২০০৬ এর আয়োজক জার্মানীর ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত মানসিক চাপের কথা হেসে উড়িয়ে দেন ক্লিন্সম্যান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিগত সপ্তাহগুলোতে একজন ফুটবল প্রশিক্ষক হিসেবে ক্লিন্সম্যানের অবদান ও কৌশলকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। এমনকি জার্মানের সর্বকালের সেরা ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ক্লিন্সম্যানের অধীনে এবারের বিশ্বকাপে জার্মান ফুটবল দলের ভালো কিছু করার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।
ক্লিন্সম্যান জানান, জার্মান দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে এখনও পর্যন্ত তিনি আশাবাদী যে জার্মান দল বিশ্বকাপে জয়ী হতে পারে। তবে এজন্য তিনি তড়িঘড়ি না করে একটি একটি করে সমস্যা নিরসনেও বাধা অতিক্রমে বিশ্বাসী বলে জানান।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইউরোপীয় লীগ নির্ভর ফুটবলারদের অনুপস্থিতিতেই জার্মানীর বিরুদ্ধে মাঠে নামে। প্রথমার্ধে খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের প্রথমে জার্মান মিডফিল্ডার বাস্টিয়ান সিউইনটিজার তার একটি দূর্দান্ত বাঁকানো শটে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার ২য় ও ৩য় গোল আসে জার্মান স্ট্রাইকার অলিভার ন্যুভিল ও মিরোস্লাভ ক্লোসের পা থেকে। ক্লোসের শটে দর্শণীয় হেডের সাহায্যে খেলার শেষ গোলটি করেন জার্মান অধিনায়ক মাইকেল বালাক।
দুরপাল্লার একটি শটে যুক্তরাষ্ট্রের পক্ষের একমাত্র গোলটি করেন স্টিভ চেরানডোলা।
