২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড

তিন উইকেটে ৭৫ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের দল। কিন্তু লাঞ্চের পর ভারতের দ্বিতীয় ইনিংসের দিকে তাকালে যে কোন ক্রিকেটপ্রেমীর চোখই কপালে উঠে যেতে পারে। মাত্র ২৫ রানের ব্যবধানেই ভারতের বাকি সাতটি উইকেট উধাও, সেই সাথে সুদীর্ঘ ২১ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের শেষদিনে (বুধবার) ইংল্যান্ড স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস মাত্র ১০০ রানেই গুটিয়ে দিয়ে পায় ২১২ রানের সিরিজ সমতাসূচক জয়টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ইংলিশদের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ এবং শন ইউদাল। ইউদাল ১৪ রানে চারটি এবং ফ্লিনটফ ১৪ রানে তিন উইকেট নিয়ে ভারতীয়দের দ্বিতীয় ইনিংস গুড়িয়ে দেন।

ভারতের দ্বিতীয় ইনিংসে উল্লেখ করার মত ঘটনা হলো পুরো সিরিজে মাষ্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এই ইনিংসেই করেছেন সেরা স্কোর। শর্ট লেগে ইউদালের বলে ইয়ান বেলের হাতে ক্যাচ দেওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ৩৪ রান করেন শচীন।

বিস্ময়কর হলেও সত্যি শক্তিশালী ব্যাটিংলাইনআপের ভারতীয় দলের আট জন ব্যাটসম্যানই দুই অংকের রান স্পর্শই করতে পারেননি। এই ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে যুবরাজ সিংয়ের ব্যাট থেকে। যুবরাজের ১২ রানের পরই ১০ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ওপেনার ওয়াসিম জাফর। 

ইংল্যান্ডের জন্য ভারতের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে যাওয়াটা নিঃসন্দেহে আশা জাগানিয়াই বলতে হবে। কারণ ইনজুরি আক্রান্ত নড়বড়ে একটি দল নিয়ে ভারতের মাটিতে পা রাখে ইংল্যান্ড। বোলিং ডিপার্টমেন্টের ‘অটোমেটিক চয়েস’ স্পিনার অ্যাশলি জাইলসকে ছাড়াই ভারতের স্পিন সহায়ক উইকেটে প্রথম খেলতে নামে ইংলিশরা। কিন্তু এরপরই আসে বড় আঘাতটা। ইনজুরির খাড়ায় পড়ে দেশে ফিরে যান নিয়মিত অধিনায়ক মাইকেল ভন এবং দলের মূল ব্যাটিং স্তম্ভ ওপেনার মার্কাস ট্রেসকোথিক এবং সাইমন জোন্স।

চতুর্থ দিনের এক উইকেটে ১৩ রান নিয়ে ভারত যখন পঞ্চম দিনের খেলা শুরু করে তখন একবার মনে হচ্ছিল জয়ের চিন্তা বাদ দিয়ে ম্যাচ ড্র করার চেষ্টা করবে ভারত। তাতে অন্তত সিরিজটা নিজেদের ঘরে রেখে দেওয়া বেশি সহজ। কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তাকে ইংলিশ বোলারদের সাফল্য বলার চাইতে ভারতীয় ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা বলাই যুক্তিযুক্ত হতে পারে।

২১২ রানের বিশাল জয়ের পাশাপাশি এই ম্যাচ এবং সিরিজে ইংল্যান্ডের লাভের পাল্লাটা বেশ ভারীই বলতে হবে। ম্যাচ সেরার পুরস্কারতো নিজের পকেটস্থ করেছেনই সেইসাথে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটাও গেছে ফ্লিনটফের ঝুলিতে।

দু’দলের মধ্যকার আরেকটি শক্তি পরীক্ষা এখনও বাকি রয়েছে, আর সেটা মঞ্চস্থ হবে ২৮ মার্চ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে। সাত ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি এদিন অনুষ্ঠিত হবে দিল্লিতে।