২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে বরিশালের তৃতীয় জয়, এককভাবে শীর্ষে চট্টগ্রাম

ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের লংগার ভার্সন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে বরিশাল। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে সোমবার স্বাগতিক দল সাত উইকেটে হারিয়েছে সিলেটকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তবে ঢাকার ভিন্ন দু’টি ভেন্যুতে চট্টগ্রাম বনাম রাজশাহী এবং ঢাকা বনাম খুলনার ম্যাচ দু’টি ড্র হয়েছে।

লিগের নবম রাউন্ড শেষে ৩৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। ৩৪ পয়েন্ট নিয়ে এরপরই রাজশাহীর অবস্থান। ঢাকা ২৮, বরিশাল ২৭ সিলেট ২২ এবং খুলনা ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে।

বরিশাল বনাম সিলেট

সিলেটের ছুঁড়ে দেওয়া ১৬২ রানের টার্গেটের পেছনে ছুটে বরিশাল ৩২ দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৪ রান করে জয় ছিনিয়ে নেয়। দলের পক্ষে হান্নান সরকার ১৩টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করেন। এছাড়া হুমায়ুন কবির ৩২ (অপরাজিত), ইমরান আহমেদ ২৩ এবং নাদিফ চৌধুরী ১৯ রান করেন। সিলেটের এনামুল হক জুনিয়র ৫৮ রানে দুই উইকেট লাভ করেন।

চট্টগ্রাম বনাম রাজশাহীর

দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ১৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে চট্টগ্রাম এবং শেষ পর্যন্ত ৩৬০ রান করতে সক্ষম হয়। সব মিলিয়ে রাজশাহীর সামনে ৪৬২ রানের জয়ের টার্গেট দেয় চট্টগ্রাম।

চট্টগ্রামের নাজিমউদ্দিন ৫৪ রান করেন। এছাড়া এহসানুল হক ৩০, ধীমান ঘোষ ৪২ এবং ইয়াসিন আরাফাত ২৭ (অপরাজিত) রান করেন।

শেষদিনে অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটে রাজশাহী ২৪ ওভারে দুই উইকেটে ১১৩ রান করে। রফিকুল ইসলাম ৩৯ এবং ফরহাদ হোসেন ৩০ রান করেন।

ঢাকা বনাম খুলনা

ঢাকা দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ২৩০ রান করে ইনিংস ঘোষণা করলে খুলনার সামনে ৩১৬ রানের জয়ের টার্গেট দাঁড়ায়।

আগের দিনের তিন উইকেটে ১১৪ রান নিয়ে খেলতে নেমে ঢাকা শেষদিনে আরও ১১৬ রান যোগ করে। মেহরাব হোসেন জুনিয়র ৫০ এবং সাজ্জাদ কাদির ৩৫ রান করেন।

জবাবে খুলনা দিনশেষে পাঁচ উইকেটে ১৮৪ রান করতে সক্ষম হয়। নাজমুস সাদাত ৬৬, সগীর হোসেন ২৯ এবং আসাদুল্লাহ বিপ্লব ২৬ (অপরাজিত) রান করেন।