কমনওয়েলথ গেমসে নিজেদের ইভেন্টের চুড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ শ্যূটাররা
মেলবোর্নে ১৮ তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দুই মহিলা শ্যূটার তাদের ইভেন্টের বাছাই পর্বের গন্ডি পেরোতে পারেননি। সোমবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের সুরাইয়া আক্তার এবং শারমিন আক্তার চুড়ান্ত পর্বে নাম লেখাতে ব্যর্থ হন।
এই ইভেন্টের ২৮ জন প্রতিযোগীর মধ্যে সুরাইয়া ৩৯০ পয়েন্ট স্কোর করে ১০ ম স্থান লাভ করেন। কমনওয়েলথ গেমসে সুরাইয়ার একই ইভেন্টে আগের রেকর্ড ছিল ৩৮৬ পয়েন্ট। তবে ২০০৫ সালের জুনে জার্মানীতে অনুষ্ঠিত বিশ্বকাপ শ্যূটিংয়ে সুরাইয়া তার রেকর্ড ৩৯১ পয়েন্ট টপকাতে ব্যর্থ হয়েছেন।
১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতের তেজস্বনী সাওয়ান্ত বাছাই পর্বে ৩৯৮ এবং চুড়ান্ত পর্বে ১০২ দশমিক ছয় পয়েন্ট স্কোর করে স্বর্নপদক লাভ করেন।
সাফ গেমসে স্বর্নপদক জয়ী শ্যূটার শারমিন আক্তার একই ইভেন্টে ৩৮৫ পয়েন্ট নিয়ে ১৬ তম স্থান লাভ করেন। ২০০৫ সালের আগস্টে জার্মানীর মিউনিখে বিশ্বকাপ শ্যূটিংয়ে শারমিনের আগের সেরা স্কোর ছিল ৩৮৯ পয়েন্ট।
গেমসের পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বাংলাদেশের কাজী মনিরুল ইসলাম এবং জুয়েল আহমেদ যথাক্রমে ৩৫ এবং ৩৬ তম স্থান লাভ করেন। মনিরুল ২৫ দশমিক ৬৯ এবং জুয়েল ২৫ দশমিক ৭০ সেকেন্ডে নির্ধারিত দুরত্ব অতিক্রম করেন।
এদিকে পুরুষদের ৪০০ মিটার ¯িপ্রন্টে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট তৌহিদুল ইসলাম ৫১ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে ৪৬ জনের মধ্যে ৪৩ তম স্থান লাভ করেন।
