২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক সিরিজে জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ

দু’দলের লক্ষ্য একটাই, জয়। চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি (বগুড়াতে) জিতে ইতোমধ্যে আত্মবিশ্বাসের চুড়ায় অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে কেনিয়া দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সোমবার সফরকারী কেনিয়ার বিরুদ্ধে খুলনা বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পথে আরও একধাপ এগিয়ে যেতে চায় হাবিবুল বাশাররা। আর তাই দু’দলের লক্ষ্য এক হলেও তারমধ্যেও রয়েছে একটা পার্থক্য। এক দলের জন্য যা সিরিজে এগিয়ে যাওয়ার অপর দলের জন্য সেটা ঘুরে দাঁড়াবার। 

খুলনা এসে দু’দলই ব্যস্ত হয়ে পড়েছে নিজেদেরে ঝালাই করে নেওয়ার কঠিন অনুশীলনে। রোববার সকালে নতুন স্টেডিয়ামে দু’দলই ঘাম ঝরিয়েছে। সকালের অনুশীলনের ঘাম শুকাতে না শুকাতেই দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হতে হয় দু’দলের অধিনায়ককে। বিকেলে আবার ব্যাট বল হাতে মাঠে ছুটতে হয়েছে দু’দলকে। নতুন স্টেডিয়ামের আউটফিল্ড এবং পিচে বেশ সন্তুষ্টই মনে হয়েছে দু’দলকে। অনুশীলন ঘিরে উৎসুক জনতার ভীড়ও ছিল উল্লেখ করার মত।

বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার সংবাদ সম্মলনে উপস্থিত থাকলেও কেনিয়ার শিবিরে মৃদু আশংকা দেখা দিয়েছে। আর সেটা তাদের দীর্ঘদিনের অধিনায়ক স্টিভ টিকোলোকে নিয়ে। সাইনাসের সমস্যার কারণে সংবাদ সম্মেলনে অধিনায়কের চেয়ারে বসেছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার টমাস ওদয়ো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বাগতিক বাশার জয়ের ধারা বজায় রাখার কথা আবারও ব্যক্ত করলেন বেশ আত্মবিশ্বাস নিয়ে। অধিনায়কের বিশ্বাস বগুড়ায় জয় এনে দেওয়া দলটিই খুলনায় জয় এনে দিতে সক্ষম। আর তাই অধিনায়ক আগের দলেই নিশ্চিন্তে ভরসা রেখেছেন বলে জানালেন। এ সময় অধিনায়কের পাশে বসা কোচ ডেভ হোয়াটমোরের কথাই যে বাশারের মুখ থেকে বের হয়েছে সেটা বলাই বাহুল্য।

অন্যদিকে কেনিয়ার সহ অধিনায়ক ওদয়োর কথাতেও ছিল সিরিজে ফেরার প্রত্যয়। টিকোলো সামান্য অসুস্থতা কাটিয়ে সোমবার মাঠে নামতে পারবেন বলে জানিয়েছেন  কোচ রজার হারপার। তবে দল চুড়ান্ত হবে সোমবার সকালে কোচের সাথে আলোচনার পরই।

স্টারস্পোর্টস এবং বাংলাদেশ টেলিভিশন খুলনা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।